Published : 19 May 2026, 11:13 PM
একাকিত্বের অন্ধকার আর সম্পর্কের জটিল ব্যকরণ নিয়ে প্রকাশ্যে এল ‘অভিমান’ সিনেমার ঝলক। এক অদৃশ্য সুতোয় বাঁধা ক্রিকোণ সম্পর্কের গল্প নিয়ে হাজির হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে আবেগ, সম্পর্ক, মান-অভিমান আর জীবনের গভীর টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। ‘অভিমান’ যে ভিন্ন স্বাদ নিয়ে আসতে চলেছে, সেটা গত জানুয়ারিতে ঘোষণার সময়েই ইঙ্গিত দিয়েছিলেন দুই প্রযোজক যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। এবার সিনেমার টিজারের পরতে পরতে সম্পর্কের সেই জটিল ধাঁধাই ফুটে উঠল।
প্রযোজনা সংস্থা ‘হোয়াই শো সিরিয়াস’-এর হাত ধরে প্রকাশ হয়েছে ‘অভিমান’-এর প্রথম ঝলক। আকাশ চ্যাটার্জি নামে এক রকস্টারকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। একদিন আচমকাই সেই মহাতারকার জীবনে নেমে আসে অন্ধকার। ছন্দনপতনে ছিন্ন ভিন্ন হয়ে যায় ‘স্টার’ ইমেজ।

একসময়ে যাকে ঘিরে থাকত লাইট, ক্যামেরা। সেই রকস্টার একাকিত্ব, অবসাদের যন্ত্রণায় কুঁকড়ে থাকা এক ‘অ্যালাঝাইমার্স’ রোগীতে পরিণত হন। এখানেই বাঁক নেয় ‘অভিমান’ সিনেমার গল্প।
সিনেমার টিজার সোশাল মিডিয়ায় শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, “ভালোবেসে যদি ফিরে আসো কোনোদিন, সঙ্গে এনো না শুকনো কাগুজে ফুল।“
সিনেমার টিজার দেখে অনেকে অনুমান করছেন গল্পে বাস্তবের ছোঁয়াও আছে। তবে তা সত্যি কী না জানতে হলে অপেক্ষা করতে হবে ১৯ জুন পর্যন্ত। কারণ সেদিনই মুক্তি পাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘অভিমান’।