১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারী চরিত্র কতটা জটিল? জানাবে অঙ্কুশ

‘নারী চরিত্র বেজায় জটিল’ শিরোনামের সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে শুক্রবার।

নারী চরিত্র কতটা জটিল? জানাবে অঙ্কুশ
‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার পোস্টার। ছবি: অঙ্কুশ হাজরার ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 02:28 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

কমেডি ও পারিবারিক গল্পে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের দুই অভিনয় শিল্পী অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।  ‘নারী চরিত্র বেজায় জটিল’ শিরোনামের সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে শুক্রবার।  

সুমিত সাহিলের পরিচালনায় অঙ্কুশ-ঐন্দ্রিলার বছরের প্রথম সিনেমা এটি। হাস্যরস মেশানো গল্পের এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ টের পেয়ে বেশ উচ্ছ্বসিত এই জুটি।    

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ লিখেছে, ইতোমধ্যেই সিনেমার টিজার, গান ও ট্রেইলার দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। 

অঙ্কুশ জানিয়েছেন, অনেকদিন পর এরকম কমার্শিয়াল ঘরানার সিনেমা নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা টের পাচ্ছেন। সিনেমার টিজার, ট্রেইলার এবং গান জনপ্রিয় হয়েছে। যার পিছনে কোনওরকম ‘বুস্টিং’ প্রচারণা নেই। মানুষ নিজে থেকেই সিনেমার প্রতি তাদের ভালোবাসা দেখাচ্ছে।    

"গল্পের কনসেপ্টটা মানুষের ভালো লেগেছে বলে তারা সংযোগ করে নিয়েছে, মানুষের এমন প্রতিক্রিয়ায় আমরা উচ্ছ্বসিত।"  

‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঝন্টু নামের এক চরিত্রকে ঘিরে। ঝন্টু যথেষ্ট চটপটে ও চৌকস হলেও, তার আশেপাশে থাকা নারীদের সে কখনোই বুঝে উঠতে পারে না। এটাই তার জীবনের সমস্যা। কেবল প্রেমিকা নয়, আশেপাশে থাকা যে কোনও মহিলাকেই ঝন্টু সঠিকভাবে বুঝে উঠতে পারে না। তার এই মেয়েদের বোঝার সফর নিয়েই এগিয়ে যাবে গল্প। 

সিনেমাটি নিয়ে অঙ্কুশ বলছেন, "আমার সিনেমার সফরে কখনও অ্যাকশন এসেছে, কখনও আবার পারিবারিক গল্প। এবার এসেছে একটি মজার গল্প। এটি দেখে এবার হাসির পালা।"   

সিনেমার টাইটেলে রয়েছে নারী চরিত্র জটিল। নারীরা কী আসলেই জটিল, প্রেমিকা ঐন্দ্রিলাকে কী জটিল মনে করেন অঙ্কুশ এমন প্রশ্নে অভিনেতা বলেছেন, “দেখুন, অনেক সময় এমন হয় মেয়েরা একটা জিনিস বোঝাতে চায় কিন্তু কথায় অন্যরকম লাগে। অর্থাৎ মনে এক, মুখে আলাদা হয়ে যায়। সেটা সারল্যের কারণে হতে পারে বা জটিল স্বভাবের কারণেও হতে পারে। 

 "দেখেছি, যদি ছেলেরা কোথাও আড্ডায় বসে, মূল আলোচনা হয় ‘নারী চরিত্র বেজায় জটিল’ বিষয়টা নিয়ে। আমার মনে হয় এই বিষয়টার সঙ্গে অনেকে যুক্ত করতে পারবে। তার জন্যই এমন টাইটেল।”         

সিনেমায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রদীপ রয়, নবনীতাসহ অনেকে।

ইতিমধ্যে সিনেমার ‘কাঁটা ফুটেসে’ এবং শিলাজিতের গাওয়া ‘ডান্ডা ২.০’ গান দর্শক পছন্দ করেছে। 

 অঙ্কুশের প্রযোজনা প্রতিষ্ঠান অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে দ্বিতীয় সিনেমা এটি। আরও ঝুঁকি নিতে প্রস্তুত এই অভিনেতা তা জানিয়ে অঙ্কুশ বলেন, “পুরোটাই স্বপ্নের মত। সিনেমা বানিয়েছি, রিলিজ করেছি। প্রযোজক হিসেবে দ্বিতীয় সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। আরও ঝুঁকি নিতে আমি তৈরি। সব ধরনের গল্প বলতে চাই। এরপর দেখা যাক।”