প্রমাণ করতে হবে ‘দিদি নম্বর ওয়ান’ অন্য কেউও হতে পারে: রচনা
রচনার দাবি ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানটি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, এর অধিকাংশের কৃতিত্বই ‘তার’।
কলকাতার রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ান’ এর ‘দিদি’ বদলে যাওয়ায়, অনুষ্ঠানটি এখন কতটা মান ধরে রাখতে পারবে তা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
দেড় দশক ধরে বেশি সময় ধরে এই রিয়েলিটি গেইম শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলে আসা রচনা বলেছেন ‘দিদি নম্বর ১’ যে কেউ হতে পারে, তবে সেটা কিন্তু কঠিন কাজ বলে মনে করেন তিনি। এছাড়া এই গেইম শোয়ের জনপ্রিয়তার পেছনে তার অবদান সিংগভাগ বলেও দাবি করেছেন তিনি।
ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতে পশ্চিমবঙ্গ রাজ্যের বিনোদন দুনিয়াতেও পরিবর্তের হাওয়া লেগেছে। সেই হাওয়ায়, তৃণমূলের রাজনীতি করা অভিনেত্রী রচনা ‘দিদি নম্বর ওয়ানের’ সঞ্চালনার কাজটি হারিয়েছেন। তার দায়িত্বে বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে এসেছে।
গেইম শোটির ১০তম সিজনের টিজার প্রকাশের পর রচনা বলেছেন, কেবল রাজনৈতিক পালাবদলের জন্যই এই সিদ্ধান্ত নয়।
তার কথায়, “আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে।”
‘দিদি নম্বর ওয়ান’ এর ‘দিদির’ মুখ বদল নিয়ে রচনা বলেন, “এটা ওদের (জি বাংলা কর্তৃপক্ষ) জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি।”
রচনার দাবি ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানটি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, এর অধিকাংশের কৃতিত্বই ‘তার’।
রচনা যোগ করেন, “এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে।”
নতুন অনুষ্ঠানের জন্য পুরনো টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন রচনা। তিনি বলেন, “সবাইকে আমার শুভেচ্ছা। এবার প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবাসীর কাছে যে, রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তারা সফল করতে পারেন।”
নতুন সঞ্চালিকা প্রসঙ্গে রচনার মত, “স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। বহু দিনের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা। আশা করছি, মানুষও ওকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমি চাই, এই অনুষ্ঠান একইভাবে জনপ্রিয়তা পাক, সফল হোক।”
রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। নব্বইয়ের দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর রচনা ব্যানার্জি নামে পরিচিতি পান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রচনা। তবে রিয়ালিটি গেইম শো ‘দিদি নাম্বার ওয়ান’–এর সঞ্চালনা করেই ভক্তদের মনে এক সময় নতুনভাবে জায়গা করে নেন এই অভিনেত্রী।
রচনা একসময় বলেছিলেন, ‘দিদি নম্বর ওয়ান’ করতে গিয়েই সিনেমার সঙ্গে তার দূরত্ব বাড়ে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন রচনা।
জি বাংলার পর্দায় আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে নতুন সিজন। নতুন সিজনে শোয়ের সময়ও বদলেছে। সোম থেকে শুক্রবার বিকালের বদলে ‘দিদি নম্বর ওয়ান’ প্রচার হবে রাত সোয়া ১০টায়।
