১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ঢাকাইয়া দেবদাস’ দেখাবে পুরান ঢাকার সংস্কৃতি ও প্রেমের গল্প

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় চরিত্র ও গল্পের মধ্য দিয়ে পুরান ঢাকার সংস্কৃতি ও আচার অনুষ্ঠান তুলে ধরা হবে।

‘ঢাকাইয়া দেবদাস’ দেখাবে পুরান ঢাকার সংস্কৃতি ও প্রেমের গল্প
শবনম বুবলী ও আদর আজাদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 10:25 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক জাহিদ হোসেন। সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’।     

শুক্রবার ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে গ্লিটজকে জানিয়েছেন জাহিদ হোসেন। সিনেমায় জুটি বাঁধাবেন শবনম বুবলী ও আদর আজাদ। 

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি নিয়ে জাহিদ হোসেন বলেন, চরিত্র ও গল্পের মধ্য দিয়ে পুরান ঢাকার সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান তুলে ধরা হবে। 

“সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারির ১২ তারিখ থেকে সাকরাইন উৎসবকে কেন্দ্র করে শুরু হবে। 

“সারা বঙ্গের মানুষজন কিন্তু পুরান ঢাকায় বাস করে। এখানে মধ্যপ্রাচ্যের লোকজনও আছে। পাঠান, সম্রাট, মোঘলসহ নানা সংস্কৃতির মিশ্রণ এখানে। এই পুরান ঢাকার সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান আমরা সিনেমায় তুলে ধরব এক প্রেম কাহিনীর মাধ্যমে।” 

সব সম্প্রদায়ের উৎসব তুলে ধরা হবে জানিয়ে পরিচালক বলেন, “আমাদের সুন্নি, শিয়া, মুজায়েদ, আল হাদিসি, কাদিয়ানী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতির মানুষই বসবাস করে। তাদের এই আচার, ধর্মানুষ্ঠান আমার সিনেমায় তুলে ধরা হবে। 

“চরিত্রের মাধ্যমে গল্পের ভেতর দিয়ে সেগুলো তুলে ধরা হবে। মহরম, তাজিয়া মিছিল, রমজান, ইফতার, ঈদ উৎসব, কাওয়ালী, কাসিদা সংগীত সব তুলে ধরা হবে। হিন্দু সম্প্রদায়ের পূজা, বৌদ্ধদের উৎসব সবই আসবে সিনেমায়।” 

পুরান ঢাকায় হবে সিনেমার দৃশ্যধারণ। পুরো সংস্কৃতি তুলে ধরতে দীর্ঘসময় শুটিং করা হবে বলে জানিয়েছেন জাহিদ। 

সিনেমার বিভিন্ন চরিত্রে আরও যুক্ত হয়েছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, তারিক আনাম খানসহ অনেকে। 

‘ঢাকাইয়া দেবদাস’ প্রযোজনা করছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।