Published : 24 Jan 2026, 05:10 PM
মায়ের প্রিয় ফুল, স্মৃতি আর না ফুরানো শূন্যতার কথা জানিয়ে মৃত্যুবার্ষিকীতে মাকে নিয়ে আবেগে আপ্লুত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।
দুই বছর আগে আজকের দিনে মা খাইরুন নেছাকে হারান শুভ। মস্তিষ্কে রক্তক্ষরণে তিনদিন হাসপাতালে থেকে ২০২৪ সালের ২৪ জানুয়ারি না ফেরার দেশে চলে যান অভিনেতার মা।
ফেইসবুকে মায়ের সঙ্গে ছাদে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে শুভ বলেন, কামিনী, কাঠগোলাপ ও বেলি- এই তিনটি ফুল ছিল তার মায়ের পছন্দের। মা বেঁচে থাকতে কাঠগোলাপ গাছ নিয়ে এসেছিলেন শুভ, ছাদে উঠে মাকে সেই গাছ দেখানোর সময় ছবিটা তোলা হয়েছিল।
শুভ লিখেছেন, "গাছটি এখন বড় হয়েছে এবং ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।"
মায়ের অনুপস্থিতি এখনো মানতে পারেন না এই অভিনেতা। বাসায় ফিরে এখনো মাকে খুঁজে বেড়ান বলে লিখেছেন।
পোস্টে শুভ আরও লিখেছেন, "আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব, বলব ‘মা, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু.."

মায়ের জন্য দোয়া চেয়ে এই অভিনেতা লিখেছেন, "মা আল্লাহর কাছে চলে যাওয়ার দুই বছর পূর্ণ হয়েছে। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।"
এই পোস্টের মন্তব্যের ঘরে শুভর ভক্ত ও সহকর্মীরা সহমর্মিতা জানিয়ে তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেছেন। অনেকেই তাদের ব্যক্তিগত শোক ও স্মৃতির কথাও ভাগ করে নিয়েছেন।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে শুভ অভিনীত বলিউডের ‘জ্যাজ সিটি’ সিরিজ। ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভে’ দেখা যাবে সিরিজটি। এর আগে সিরিজের টিজার দিয়েই বেশ আলোচনায় ছিলেন অভিনেতা।
‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন। সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। এছাড়াও রয়েছেন, কলকাতার ও এবং হিন্দি সিনেমার একাধিক অভিনেতা।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে রোজার ঈদে মুক্তি পাবে শুভর 'মালিক' নামের সিনেমা। এছাড়াও অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’নামের এক সিনেমায়ও দেখা যাবে শুভকে।