১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল

শুনানি পেছানোর আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে; পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি।

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 05:50 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে সোমবার অভিযোগ গঠনের শুনানির কথা থাকলেও পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত পেছানোর আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন।

শুনানি পেছানোর আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি।

মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।

এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাই কোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাই কোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।