Published : 11 Feb 2025, 05:42 PM
গত বছরের শেষ দিকে বলিউডি সিনেমা অ্যানিমাল- এ 'জামাল কুদু' গানের সঙ্গে মাথায় সুরাপাত্র নিয়ে অভিনেতা ববি দেওলের নাচ সোশাল মিডিয়ায় ঝড় তোলে। তিন যুগ আগে একই ভঙ্গিতে নেচেছিলেন অভিনেত্রী রেখা।
নিউজ এইট্টিন লিখেছে, ১৯৮৮ সালে মুক্তি পাওয়া একটি সিনেমার ভিডিও ভাইরাল হয়েছে এবার। সেখানে মাথায় সুরাপাত্র নিয়ে একই ধরনের নাচে পাওয়া গেছে রেখাকে। ৩৬ বছর আগের ওই সিনেমার নাম ‘বিবি হো তো অ্যায়সি’।
জেকে বিহারি পরিচালিত ওই সিনেমায় ‘সাসুজি তু নে মেরি কদর না জানি’ গানে ববির মতই মাথায় গ্লাস রেখে নেচেছিলেন রেখা। ওই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন অভিনেতা সালমান খান।
গত ১ ডিসেম্বর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমা মুক্তির পরপরই প্রশংসা কুড়ায় ববির নাচ ও 'জামাল কুদু' গানটি। সিনেমায় ববির ‘এন্ট্রি সিনে’ পরিবেশন করা হয় গানটি।
'জামাল কুদু' ইরানের পুরানো একটি লোকসংগীত। পঞ্চাশের দশক থেকে গানটি ইরানের ‘বিয়ের গান’ হিসেবে প্রচলিত ছিল। গানের কথায় প্রেমিকার প্রতি হৃদয়ের আকুলতা তুলে ধরা হয়েছে।
অ্যানিমাল সিনেমা এবং জামাল কুদু গান ও নাচের মাধ্যমে প্রায় হারিয়ে যাওয়া ক্যারিয়ারকে ববি ফিরে পেয়েছেন।