Published : 11 Aug 2026, 04:10 PM
সত্য ও মিথ্যার দ্বৈততা, জীবনসায়াহ্নের সংকট আর দুজন মানুষের বেঁচে থাকার গল্প দেখাবে ওয়েব ফিল্ম ‘রঙিন সুরমা’।
এতে প্রধান দুটি চরিত্রে দীর্ঘ দিন পর একসঙ্গে দেখা যাবে অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, রিয়াজুল হক ইমরানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই কনটেন্টটি বুধবার রাত ১২টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।
‘রঙিন সুরমা’র গল্পের মূল ভিত্তি মুন্তাসির ও শাহিদা নামের দুটি চরিত্রকে ঘিরে। বয়স, সময়, অসুস্থতা, না-পাওয়া আর একাকীত্বের কারণে যাদের জীবন অনেকটাই ধূসর। তবে সেই ধূসর জীবনের বাস্তবতায় কিছু সত্য গোপন রেখে নিজেদের মত করে খানিকটা রঙিন মুহূর্ত তৈরি করে নেয় তারা।
চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই কাজটির প্রতি আগ্রহ তৈরি হয় বলে জানিয়েছেন আফসানা মিমি।
তিনি বলেন, “চিত্রনাট্য পাঠানোর পর শুরুতেই ‘রঙিন সুরমা’ নামটি আমার দৃষ্টি কাড়ে। আগ্রহ নিয়ে পড়া শুরু করে শেষ করি চোখে জল নিয়ে। দীর্ঘদিন অপেক্ষার পর কাজটি শেষ হওয়ায় এখন দর্শক প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি।”
সহশিল্পী আফজাল হোসেনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিমি আরও বলেন, “পর্দায় যাকে দেখে বড় হয়েছি, তার সঙ্গে কাজের সুযোগ প্রতিবারই রোমাঞ্চিত করে। আফজাল ভাই কাজের পরিবেশকে এতটাই সহজ করে দেন যে সহশিল্পীর সঙ্গে উনার সম্পর্ক বন্ধুর মতো হয়ে ওঠে।”
নির্মাতা ইমরানের কাজের প্রতি নিবেদনের প্রশংসা করে তিনি জানিয়েছেন, চরিত্রের যাত্রা ও শুটিং নিয়ে মতবিরোধ হলেও কাজের প্রতি নির্মাতার আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে।
অন্যদিকে কেবল চিত্রনাট্য পড়েই কাজটিতে যুক্ত হতে রাজি হন আফজাল হোসেন। গল্পের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “বর্তমান সময়ে দর্শকের মন মাতাতে উত্তেজনাপূর্ণ গল্পের চাহিদা বেশি। তার ভিড়ে কেউ যদি দুজন বয়স্ক মানুষের সংকট নিয়ে এমন একটা ঠান্ডা মেজাজের, শিরশিরে অনুভূতির গল্প পর্দায় তুলে ধরতে চান সেটি বিশেষভাবে ভাবার মত বিষয়। আশা করছি, এই আবেগ দর্শকের মন ছুঁয়ে যাবে।”
কাজটি নিয়ে পরিচালক রিয়াজুল হক ইমরান বলেন, “সব সত্য সবসময় মানুষকে বাঁচায় না। কখনো একটি মিথ্যা প্রিয় মানুষের পাশে থাকার সুযোগ দেয়, ভাঙন থেকে সম্পর্ক রক্ষা করে। ধূসর জীবনের চোখে মানুষ যে সামান্য রঙটুকু এঁকে নেয়, সেই রঙের নামই ‘রঙিন সুরমা’।”