Published : 11 Sep 2026, 10:10 PM
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে গোঁফ ছাড়া কে কবে দেখেছে, তা বলা মুশকিল। অভিনেতাকে সেই গোঁফ ছাড়া পাওয়া গেল নতুন চরিত্রের প্রয়োজনে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিজের নতুন লুকের ছবি প্রকাশ করে অভিনেতা জানিয়েছেন, গোঁফ খুব একটা কাটেন না তিনি। বরং গোঁফ থাকা তার কাছে এক ধরনের স্বস্তির বিষয়। কিন্তু পর্দায় চরিত্রের প্রয়োজনে সেই পরিচিতির সঙ্গে আপস করতেই হল।
তবে নতুন চেহারা প্রথমে অচেনা লাগলেও এখন নিজেরও বেশ পছন্দ হচ্ছে অনুপমের।
কোন সিনেমার জন্য এই বদল? অভিনেতা অবশ্য সেই রহস্য এখনই ভাঙেননি।
এর মধ্যেই আরও একটি খবর কৌতূহল বাড়িয়েছে। অনুপম ঘোষণা করেছেন তার ক্যারিয়ারের ৫৫৫তম সিনেমা আসছে আগামীতে। তবে সেই সিনেমার নাম, চরিত্র, সহ-অভিনেতা কারা বা পরিচালক কে, সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। শুধু জানিয়েছেন, সব কিছু বলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন।
তাই অনুপম খেরের নতুন লুক আর ৫৫৫তম সিনেমার ঘোষণা-দুই ঘটনাকে ঘিরেই এখন অনুরাগীদের জল্পনা চলছে।
অনুপম খেরকে শৈল্পিক ধারার সিনেমা থেকে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার মুখ বলা হয়ে থাকে।
বলিউড তো বটেই, চার দশকের ক্যারিয়ারে তাকে দেখা গেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে। অভিনয়ে তৈরি করেছেন নিজস্ব ধারা।
দীর্ঘ অভিনয় জীবনে বলিউডের নানা উত্থান-পতন দেখেছেন অনুপম।
এ প্রসঙ্গে তিনি বলেন, “শুরুর দিকে একটা প্রতিযোগিতার মধ্যে ছিলাম। বলা যায়, সেরা হওয়ার প্রতিযোগিতা। তবে এখন আর আমি কোনো দৌড়ে নেই।
“এখন তো অনেকে প্রতিটি সিনেমাতেই দেখাতে চায়, সে কতটা সেরা। এখন সবকিছুই বক্স অফিসনির্ভর হয়ে গেছে। কত কোটি আয় করল ছবি, সেটা অনেক কিছু ঠিক করে দেয়।”
অভিনয়ের পাশাপাশি নতুন শিল্পী তৈরিতেও কাজ করছেন অনুপম খের। ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাক্টর প্রিপায়ার্স নামের একটি অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে অভিনয়, লেখালেখি ও পারফরম্যান্স নিয়ে বিভিন্ন কোর্স করানো হয়।