১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তাহসানের কণ্ঠনালীতে সমস্যা, জানালেন ছয় বছর পর

তাহসান বলেন, “যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার কণ্ঠনালীর সমস্যা প্রকট হয়েছে।"

তাহসানের কণ্ঠনালীতে সমস্যা, জানালেন ছয় বছর পর
তাহসান খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:13 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। 

ছয় বছর আগে এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি অনায়াসে গাইতেও পারেন না। এমনকি ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কায় পড়তে হতে পারে জনপ্রিয় এই শিল্পীকে।  

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন তাহসান। 

তাহসান বলেন, “আমি আগে কখনো এই কথাগুলো বলিনি, আজকে সবার সঙ্গে শেয়ার করি। ছোটবেলায় গান শিখেছি বাবা মায়ের অনুপ্রেরণায়। শুরুর দিকে গান শেখাটা উপভোগ করতাম না, তারপর আস্তে আস্তে উপভোগ করতে শুরু করলাম। ফ্রেন্ডের সঙ্গে গান গাইছি, ব্যান্ডে গান গাইছি, কনসার্ট করছি। গান গাইতে পারাটা যে একটা আশীর্বাদ, এটা খুব বেশি অনুভব করতাম না। কিন্তু একটা সময়ে হেটেরোটোপিয়া নামক এক রোগ ধরা পড়ে আমার কণ্ঠনালীতে, ২০১৮ সালের দিকে শুরু।” 

তিনি বলেন, “এই সমস্যায় গলার গঠন পরিবর্তন হয়ে যায়, গান গাওয়ার ক্ষমতা কমে যায়। ২০১৮ সালের পর থেকে কণ্ঠনালীর সমস্যার কারণে আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়ত আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। যখন এটা প্রকট হয় একবারেই গান গাইতে পারি না। আর এ কারণে গান অনেক কমে গেছে।

“আমাদের যেহেতু কনসার্ট থাকে, এমনও হয়েছে আজকে হয়তো একটা বড় কনসার্ট আছে, আমাকে তো গাইতেই হবে। কিন্তু আমার কণ্ঠনালীর অবস্থা খুবই খারাপ। গলার ব্যথায় কথাও বলতে পারছি না। কিন্তু আমাকে ওইদিনও হয়তো এক ঘণ্টা গান গাইতে হবে। এমনও হয়েছে, আমি যে লেভেলে পারফর্ম করি, সেটা হয়তো দিতে পারিনি। কিন্তু আমি খু্ই ভাগ্যবান, শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।” 

মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। 

তাহসান বলেন, “আজকে এই কথাগুলো প্রকাশ করার কারণ হল যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। আর মেডিক্যাল টার্মে এটা ঠিক হওয়ার সম্ভাবনা নেই।”  

এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তাহসানের। বদল এনেছেন খাদ্যাভ্যাসেও। 

ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, “আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।”

প্রায় দুই যুগের ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন তাহসান। 

দীর্ঘ ১৯ বছর পর সম্প্রতি পুরনো লাইনআপে ফিরে ব্ল্যাকের কনসার্ট করেছেন তাহসান। 

তাছাড়াও নিজের লেখা গানে একটি অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন এই শিল্পী। অ্যালবামটির কাজ শুরু করে দিয়েছেন বলে গ্লিটজকে জানিয়েছিলেন তিনি। 

২০০৪ সালে প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। এর ‘ঈর্ষা’, ‘চতুর্থ মাত্রা’, ‘বৃত্তাল্পনা’, ‘কথোপকথন’ গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। 

এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম- ‘কৃতদাসের নির্বাণ’। এতে ছিল ‘প্রেমমাতাল’, ‘কাদা’ প্রভৃতি গানগুলো। 

এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেশজুড়ে মুখে মুখে ফিরতে শুরু করে গানগুলো।