সন্ধ্যায় মানিক মিয়াতে গাইবে 'ওয়ারফেজ'
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এ আয়োজন।
স্বাধীনতা দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এ আয়োজন। যেখানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি পরিবেশনা করবে ব্যান্ড ‘ওয়ারফেজ’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
চলতি বছর দেশের প্রথম কোনো ব্যান্ড হিসেবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পায় ওয়ারফেজ।
সংগীতজীবনের চল্লিশ বছরের পথচলা পার করেছে ব্যান্ড ‘ওয়ারফেজ’। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙাগড়ার মধ্যেও দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি।
১৯৮৪ সালের ৫ জুন যাত্রা করে ‘ওয়ারফেজ’। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে।
২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে, এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের অগাস্ট থেকে দলটি দেশ-বিদেশে লেগ্যাসি কনসার্ট ট্যুর করে।
কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লেগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত করেছে তারা।
