১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হলিউডের দুই সিনেমা মুক্তি পেল একই দিনে

সিনেমাদুটো হল, ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং শিশুতোষ ফ্র্যাঞ্চাইজি ‘পাও পেট্রোল’ এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 12:12 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

আন্তর্জাতিক মুক্তির সঙ্গে দিন ঠিক রেখে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে হলিউডের ভৌতিক রোমাঞ্চ ও অ্যানিমেশন অ্যাডভেঞ্চারের দুই ভিন্ন ঘরানার সিনেমা। 

সিনেমাগুলো হল- ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং শিশুতোষ ফ্র্যাঞ্চাইজি ‘পা পেট্রোল’ এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’।

সিনেমাগুলো স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে শুক্রবার থেকে। বিজ্ঞপ্তিতে মাল্টিপ্লেক্সটি জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দেখা যাচ্ছে হলিউডের এই দুই সিনেমা। 

‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’

ভৌতিক সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির দশপ্রিয়তার ধারাবাহিকতায় সনি পিকচার্স নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’।

জ্যাকব চেজ পরিচালিত এই অতিপ্রাকৃত সিনেমায় অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স এবং লিন শে।

চিত্রানাট্যে দেখানো হয়েছে, জেমা নামের এক তরুণী মা তার মেয়েকে নিয়ে শৈশবের বাড়িতে বসবাস করতে এসে আবিষ্কার করে যে তার একটি অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। সে ‘দ্য ফারদার’ নামক হারানো আত্মাদের শুদ্ধিকরণ রাজ্যে ভ্রমণ করতে পারে। 

তবে আগের সিনেমাগুলোর মত কেবল ওপারে গিয়ে আটকে পড়া নয়; জেমার ক্ষমতা আরও বিপজ্জনক। সে দ্য ফারদার থেকে যেকোনো অশুভ শক্তিকে সরাসরি বাস্তব জগতে নিয়ে আসতে পারে।

ফলে জেমা ও তার পরিবার বড় বিপদে পড়ে এবং অশুভ আত্মাদের কারণে বাস্তব জগৎ ও আত্মার জগতের মধ্যকার সীমারেখাই ভেঙে যায়। 

জেমার চরিত্রে অ্যামেলিয়া ইভ অভিনয় করেছেন। 

‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’

একই দিনে মুক্তি পেয়েছে শিশু ও পারিবারিক বিনোদন ঘরানার  অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘পা পেট্রোল’ এর সিক্যুয়েল ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। 

সিনেমাটি পরিচালনা করেছেন ক্যাল ব্রুঙ্কার।

সিনেমার গল্পে দেখা যাবে, পাও পেট্রোল দলটি এক রহস্যময় ঝড়ের কবলে পড়ে একটি অজানা ও দুর্গম ডাইনোসর অধ্যুষিত দ্বীপে এসে পড়ে। জুরাসিকের মত ডাইনোসর, সুপ্ত আগ্নেয়গিরি ও উত্তেজনাকর উদ্ধার অভিযান নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। 

সেখানে তাদের পরিচয় হয় জবি নামের একটি নতুন কুকুরের সঙ্গে, যে বহু বছর ধরে দ্বীপে আটকে থেকে ডাইনোসরদের সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছে।

পুরনো শত্রু মেয়র হামডিঙ্গারের লোভ থেকে দ্বীপের খনিজ সম্পদ ও বিপন্ন ডাইনোসরদের রক্ষা করতে জবি ও পাও পেট্রোল একসঙ্গে লড়াই করে। শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে বুদ্ধি ও সাহসের মাধ্যমে জয়ী হওয়ার এক ইতিবাচক বার্তা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, প্যারিস হিলটন ও স্নুপ ডগের মত তারকাদের কণ্ঠে সাজানো হয়েছে সিনেমাটি। অতিরিক্ত আকর্ষণ হিসেবে এতে থাকছে ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’-এর নতুন গান ‘বোটল আপ’।