০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে জয়াকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 12:53 AM

Updated : 26 Aug 2026, 05:30 PM

নতুন বছরে নতুন সিনেমা মুক্তির খবর দিয়েছেন ঢাকা-কলকাতার অভিনেত্রী জয়া আহসান। 

আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা ‘ওসিডি’।

সিনেমা মুক্তির খবর জয়া দিয়েছেন ফেইসবুকে পোস্ট দিয়ে। সেই পোস্টের শিরোনামে রবি ঠাকুরের গানে আশ্রয় নিয়ে জয়া লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও’।

গেল বছর থেকে জয়ার সিনেমা মুক্তিতে বিরতি নেই। ফেলে আসা বছরে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এর মধ্যে ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘ডিয়ার মা’ মুক্তি পায় কলকাতায়।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ বলছে, ‘ওসিডি’ সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শ্বেতা। যার জীবনে রয়েছে অতীতের ধূসর ছায়া। যা তাকে তাড়া করে বেড়ায়। শ্বেতার সেই অতীত সম্পর্কে তার এক রোগী হঠাৎই জেনে যাওয়ার ফলে চরম সিদ্ধান্ত নেন তিনি। 

শ্বেতা ওই রোগীকে হত্যা করে। এভাবেই তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকেই শেষ করে দিতে চাওয়ার মানসিকতা জন্ম নেয় শ্বেতার মধ্যে। 

সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক সৌকর্য ঘোষাল। পরিচালকের কথায়, এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা।

সৌকর্য বলছেন, এই সিনেমা তার এক প্রতিবাদের ভাষা।

তিনি বলেন, “চারিদিকে এত বাচ্চাকে দেখেছি বিভিন্ন ঘটনার শিকার হতে তা বলার নয়। এমনও বহু শিশুকে দেখেছি যারা হেনস্তার শিকার হয়েও শুধুমাত্র ভয়ে ও পরিবারকে পাশে না পেয়ে চুপ করে থাকে। আর তার ফলে কোনওভাবেই ধরা পড়ে না অভিযুক্তরা। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পরিবার বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনার শিকার শিশুদের চুপ থাকতে বলে সমস্যা এড়াতে। আজও সমাজে বুক ফুলিয়ে তারাই ঘোরে। 

“আর তার ফলে যা হয় তা হল একটি শিশু চিরটাকাল এই স্মৃতি নিজের মধ্যে বয়ে নিয়ে যায়। যার উপশম হয় না কখনও। এসব ভাব্না থেকে সিনেমাটি বানিয়েছি।”

 সৌকর্যের সঙ্গে জয়ার এটি দ্বিতীয় কাজ। এই পরিচালকের ‘ভূত পরী’  সিনেমায় জয়া অভিনয় করেছিলেন। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

ওসিডির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। পরের বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর পর আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।