১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ববিকে নিয়ে ফের অ্যাকশনে নামছেন ভাঙ্গা

নতুন সিনেমায় 'অ্যানিমাল' এর আবরারকে আর অল্প সময় দিতে রাজি নন নির্মাতা ভাঙ্গা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 09:29 PM

Updated : 30 Dec 2023, 09:29 PM

'অ্যানিমাল' সিনেমা করে কপাল খুলে গেছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তার জোড়াতালি দেওয়া ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছে। ববিকে নিয়ে নতুন কাজের ঘোষণা দিয়েছেন বলিউডি নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

এই নির্মাতাই ববিকে 'অভিনেতা' হিসেবে তুলে ধরেছেন তার 'অ্যানিমাল' সিনেমায়। ৩ ঘণ্টা ২৩ মিনিটের দৈর্ঘ্যের সিনেমায় ববিকে দেখা গেছে মেরেকেটে ২০ মিনিট। সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই খল চরিত্রে ববি ‘কামাল’ করেছেন। 'জামাল কুদু' গানের সঙ্গে এ অভিনেতার নাচও হয়েছে জনপ্রিয়।

সংবাদ প্রতিদিন লিখেছে, ভাঙ্গা তার নতুন সিনেমার গল্প সাজাচ্ছেন ববিকে ঘিরে। অর্থাৎ 'অ্যানিমাল' এর আবরারকে (ববির চরিত্রের নাম) তিনি আর অল্প সময় দিতে রাজি নন। নতুন সিনেমাতেও অ্যাকশনকে মূল জায়গা দিচ্ছে ভাঙ্গা।

তবে 'অ্যানিমাল'র সঙ্গে নতুন সিনেমার যোগসূত্র রেখেছেন নির্মাতা। তিনি বলেন, " আবরারের উত্থান ও পতনই হবে এ সিনেমার গল্প। কীভাবে রাণবীরের সঙ্গে আবরারের শত্রুতা শুরু, তা উঠে আসবে এই নতুন সিনেমায়।"

তবে এই সিনেমাকে 'অ্যানিমাল' এর প্রিকুয়্যেল বলতেও রাজি নন ভাঙ্গা। তার ভাষায়, আবরারের জনপ্রিয়তার জন্যই একটি ‘স্পিন অফ’ সিনেমা দরকার।

'অ্যানিমাল' মুক্তির পর থেকে সোশাল মিডিয়ায় দর্শকরা প্রশ্ন রেখেছেন ববির মধ্যেও আবরারের 'হিংস্রতা' আছে কি না। বিশেষ করে সহশিল্পী এবং স্টান্ট শিল্পীদের সঙ্গে ববির কয়েকটি রূঢ় ব্যবহারের ভিডিও সামনে আসায় এ প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ববি বলেন, "আমি একজন অভিনেতা। সিনেমার গল্পের জন্য যা করতে করেছে, তাই করেছি। আমি হিংস্রতা বা কর্কশ পৌরুষকে প্রচার করছি না। তবে এটা বলতে পারি, একটু ভেবে দেখুন, সিনেমায় যা দেখানো হয়েছে, সেরকম মানুষ কি সমাজে নেই?”

‘অ্যানিমাল’ এ দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানার সঙ্গে জুটি বেঁধেছেন রাণবীর কাপুর। আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

অনেক দর্শক সমালোচকই বলছেন, রাণবীর তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন 'অ্যানিমাল'-এ।

গত ১ ডিসেম্বর মুক্তির পর ব্যবসার দিক থেকেও দুরন্ত গতিতে ছুটছে সিনেমাটি।