১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন ‘সুপারম্যান’ তারকা ভ্যালেরি পেরিন

ভ্যালেরি পেরিন দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

দীর্ঘদিন ধরে রোগে ভুগে চলে গেলেন হলিউড অভিনেত্রী ‘সুপারম্যান’ তারকা ভ্যালেরি পেরিন।

যুক্করাষ্ট্রের অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে মঙ্গলবার অভিনেত্রীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। 

এই অভিনেত্রীর মৃত্যুর খবর দিয়েছে ‘সিক্স পেইজ’। তার পরিবার জানিয়েছে ভ্যালেরি পেরিন দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তার এ রোগ ধরা পড়ে ২০১৫ সালে।

ভ্যালেরি পেরিনের মৃত্যুতে তার বন্ধু, সহকর্মীরা শোকে কাতর। সোশাল মিডিয়ায় যে যার ভাষায় স্মরণ করছেন পেরিনকে। 

তাদের ভাষা, “পেরিন কখনো অভিযোগ করেননি বরং জীবনকে উদ্যাপন করেছেন। শেষ দিন পর্যন্ত পেরিন সাহস ও ইতিবাচকতা নিয়ে লড়াই চালিয়ে গেছেন।”

১৯৬৮ সালে লাস ভেগাসের স্টারডাস্ট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে একজন শো-গার্ল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দর্শকের কাছে ভ্যালেরি পেরিন সবচেয়ে বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিরিজের ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য।

ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে পেরিন ভিলেন লেক্স লুথারের সঙ্গিনী ছিলেন। 

এই চরিত্রটি তার কেবল সৌন্দর্য নয়, তার মানবিতক দ্বন্দ্বও তুলে আনে।

‘দ্য লাস্ট আমেরিকান হিরো’, ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ সিনেমা ছাড়াও ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজ’সহ আরও কিছু জনপ্রিয় সিরিজে অতিথি চরিত্রে কাজ করেছেন পেরিন।

পেরিন অস্কারের মনোনয়নও পেয়েছিলেন। 

১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেনি’ সিনেমায় অভিনয় তারে অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন দেয়।

 এছাড়া সিনেমার সমালোচকদের কাছ থেকে ‘হানি’ সিনেমার জন্যও প্রশংসিত হন পেরিন।