ভাইরাল হতে কী কী করা সম্ভব? দেখাবে ‘আমরা ভাইরাল’ নাটক
“বিনোদনের পাশাপাশি নাটকটি দর্শকদের জন্য দেবে সামাজিক বার্তাও।"
সোশাল মিডিয়ায় অতিরিক্ত ‘ভাইরাল’ হওয়ার নেশা ও এর সামাজিক প্রভাবকে হাস্যরসের মোড়কে তুলে ধরতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’।
বাংলাভিশনের পর্দায় বুধবার থেকে প্রচার হবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে দেখা যাবে আমরা ভাইরাল। ৫২ পর্বের ধারাবাহিকটি লিখেছেন আল আমিন স্বপন, পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটকের চিত্রনাট্যে দেখা যাবে, বর্তমান সময়ে সোশাল মিডিয়ায় ‘ভাইরাল’ হওয়ার নেশা বিরাজমান। ভালো কাজ করে যেমন মানুষ ভাইরাল হচ্ছেন, তেমনি আলোচনায় আসতে কেউ কেউ বেছে নিচ্ছেন বিতর্কিত কিংবা নেতিবাচক পথ। আবার এমনও অনেকে আছেন, যারা শুধু ভাইরাল হওয়ার আশায় ভালো-মন্দের তোয়াক্কা না করে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
নাটকটি নিয়ে নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, "ইদানীং ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ কতটা নিচে নামছে এবং এর ফলে সমাজে কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, তা নাটকটিতে দেখানো হবে। অনলাইনে ৯০ শতাংশ ভাইরাল নেতিবাচক।
“তবে যারা ভাইরাল হয়ে ইতিবাচক প্রভাব ফেলছেন, তাদেরও আমরা তুলে ধরেছি। বিনোদনের পাশাপাশি নাটকটি দর্শকদের জন্য দেবে সামাজিক বার্তাও।"
'আমরা ভাইরাল' ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, প্রিসিলা ডি কস্তা, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু, আহসান কবিরসহ অনেকে।
