১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিচালনায় আসতে চান মান্নার ছেলে

“আমি সিনেমা করব না। তবে আমি বানাব। আমার নায়ক হবে আমার বন্ধু ইন্তিসার আহমেদ।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:00 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ের পর এবার সিনেমার জগতে আসার আগ্রহ প্রকাশ করেছেন নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস।

তবে অভিনয়ে নয়, তিনি চলচ্চিত্র নির্মাণে আগ্রহী বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন নিয়ে পড়াশোনা করা এই তরুণ বলেছেন, তার প্রথম সিনেমার নায়কও এর মধ্যে বাছাই করা হয়ে গেছে।

সিয়াম জানিয়েছেন, ইন্তিসার আহমেদ নামে যুক্তরাষ্ট্রে তার এক বন্ধু আছেন, যাকে তিনি নিজের ভাই বলে মনে করেন। তাকে নিয়েও সিনেমা বানাতে চান তিনি।

“আমি সিনেমা করব না। তবে আমি বানাব। আমার নায়ক হবে আমার বন্ধু ইন্তিসার আহমেদ।”

সিয়ামের মা শেলী মান্না গ্লিটজকে বলেন, "ও সিনেমা নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছে, এটা ঠিকই। আগে তো মিডিয়ায় কাজের তেমন আগ্রহ দেখাত না। এখন যেহেতু সিনেমা নির্মাণ করার কথা জানিয়েছে, সব কিছু চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানাব।”

সিয়াম প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তার মা বলেন, ছেলে দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তখন সবাইকে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।  

কিছুদিন আগে খবর এসেছে, অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরীও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নির্মাতা হিসেবে।

‘মেয়েদের গল্প’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন লামিয়া, যার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।