Published : 26 Aug 2026, 07:04 PM
রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের কটাক্ষে বিদ্ধ হয়েছেন বলিউডের কৃতি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার এই অভিনেত্রী পাশে পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীকে।
ইনস্টাগ্রামে এক পোস্টে রাহুল বলেন, “একজন নারী কী পরবেন, কোথায় যাবেন একং কী করবেন, সেই সিদ্ধান্ত তার নিজের।”
নিজের স্বাধীনতা প্রয়োগ করার জন্য নারীদের কটাক্ষ করা বন্ধ করতেও বলেছেন তিনি।
কৃতি কেন বিতর্কে
কৃতি শ্যানন সম্প্রতি একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেন। রাখিবন্ধন উৎসবকে ঘিরে তৈরি বিজ্ঞাপনটিতে তাকে ভারতীয়-পাশ্চাত্যের মিশেলে একটি পোশাকে দেখা যায়। এখান থেকেই বিতর্কের সূত্রপাত।
কৃতি ‘খোলামেলা পোশাক পরেছেন’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কৃতির সমালোচনা শুরু করেন কেউ কেউ। রাখিবন্ধনের মত ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর পরনে এমন পোশাক কেন-সেই প্রশ্নও ঘুরেছে সোশাল মিডিয়ায়।
কদিন চুপচাপ থাকার পর সোশাল মিডিয়ায় কৃতি সরব হন। তিনি বলেন, যুগে যুগে ফ্যাশনের পরিবর্তন হয়।
কোনো নারীর পোশাক দেখে সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তার সম্মান বিচার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
নারীর পোশাক নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে কৃতি লেখেন, “নারীদের কি পরা উচিত, তা আমরা কবে বলা বন্ধ করব?”
কৃতির পোশাক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে কঙ্গনার মন্তব্যের পরে।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, নারীদের জন্য এটি খুব ভালো সময়।
“আমাদের আলমারি পোশাকে ভরা। আজকের নারীরা ‘বৈশ্বিক নারী’। ককটেল পোশাক থেকে লেহেঙ্গা-চোলি, জিনস থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার-কামিজ-এত ধরনের পোশাকের বিকল্প থাকা সত্ত্বেও আপনি বিকিনি বা অন্তর্বাস পরে আপনার ভাইকে রাখি পরাবেন কেন?"
এদিকে কৃতির ওই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন রাহুল।
রাহুলের এই বার্তাকে সমর্থন জানিয়েছেন অনেকে।
পুরুষতান্ত্রিক মানসিকতা থেকেই কৃতিকে কটাক্ষ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে।