Published : 09 Feb 2026, 11:45 PM
‘ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসের’ (ডিজিএ) ৭৮তম আসরে আলোচনার কেন্দ্রে ছিলেন পরিচালক পল থমাস অ্যান্ডারসন; কারণ এবার সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে রোববার এক জমকালো আসরে এই পুরস্কার দেওয়া হয় বলে লিখেছে ‘আউটলুক’। অস্কারে মনোনয়ন পাওয়া ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য ‘ডিজিএ’ পুরস্কারে থিয়েট্রিক্যাল ফিচার ফিল্ম বিভাগে ‘আউটস্ট্যান্ডিং ডিরেক্টোরিয়াল অ্যাচিভমেন্ট’ পুরস্কার জিতে নেন অ্যান্ডারসন, যা এ বছর তার অস্কার জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে।
‘ডিজিএ’ পুরস্কারকে দীর্ঘদিন ধরেই অস্কারের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হয়। এর আগে শন বেকার ও ক্রিস্টোফার নোলানসহ মোট নয়জন ডিজিএ বিজয়ী অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। ফলে এটি হতে পারে অ্যান্ডারসনের প্রথম অস্কার জয়ের পথে বড় একটি ধাপ।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও পরিচালক অ্যান্ডারসনের হাতে ডিজিএ মেডেল তুলে দেন।
মুহূর্তটিকে ‘একটি অবিশ্বাস্য, অবিশ্বাস্য সম্মান’ বর্ণনা করে অ্যান্ডারসন বলেন, “তিনি এটি গ্রহণ করছেন এই কক্ষে উপস্থিত সব সহকর্মীর ভালোবাসা ও সম্মানের সঙ্গে।”
এ সময় তিনি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকারী পরিচালক অ্যাডাম সমনারকে; যিনি ২০২৪ সালের নভেম্বর মাসে ক্যানসারে মারা যান।
অ্যান্ডারসন বলেন, “স্পষ্টতই, আজ আমরা এখানে একজনকে বাদ রেখেই দাঁড়িয়ে আছি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমাইল নানজিয়ানি। এটি ছিল ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার নতুন সভাপতি ক্রিস্টোফার নোলানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ডিজিএ অ্যাওয়ার্ডস।
উদ্বোধনী বক্তব্যে নোলান নির্মাতাদের সামনে উপস্থিত হওয়া ‘কঠিন সময়ের কথা’ তুলে ধরেন।
তিনি বলেন, “গত দুই বছরে গিল্ডে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে কমেছে, যদিও দর্শকদের চলচ্চিত্র ও বিনোদনের প্রতি আগ্রহ এখনো স্থিতিশীল রয়েছে।”
পরিচালক অ্যান্ডারসনের বড় জয়ের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশনের বিভিন্ন বিভাগেও গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে।
আসরে ‘দ্য প্লেগ’ সিনেমার জন্য প্রথমবারের মতো ফিচার পরিচালনার পুরস্কার পান চার্লি পলিঙ্গার। ‘টু থাউজ্যান্ড মিটারস টু আন্দ্রিভকা’ সিনেমার জন্য ডকুমেন্টারি বিভাগে জয়ী হন মিস্তিস্লাভ চেরনভ।
টেলিভিশনে ‘দ্য পিট সিরিজের সিক্স পিএম’ পর্বটির জন্য ড্রামাটিক সিরিজ বিভাগে পুরস্কার পান আমান্ডা মারসালিস। কমেডি সিরিজ বিভাগে দ্য স্টুডিও সিরিজের ‘দ্য ওয়ানার্স’ পর্বটির জন্য পুরস্কার জেতেন সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। ‘ডাইং ফর সেক্স’ দিয়ে অ্যান্থোলজি সিরিজ বিভাগে জয়ী হন শ্যানন মারফি, আর টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র বিভাগে ‘নোনাস’ সিনেমার জন্য পুরস্কার পান স্টিফেন শবস্কি।