ভাষা দিবসে তারিক আনামের ‘আমার বর্ণমালা’
শনিবার রাত ৮ টায় দেখা যাবে নাটকটি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টেলিভিশনের পর্দায় আসছে বিশেষ নাটকে ‘আমার বর্ণমালা’।
মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, শনিবার রাত ৮টায় দেখা যাবে ‘আমার বর্ণমালা’; রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল।
নাটকের গল্পে দেখানো হবে ওহাব মাস্টার একজন মুক্তিযোদ্ধার সন্তান। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা রাতের আঁধারে অতর্কিতভাবে তাদের বাড়িতে আগুন দেয়। সেই রাতে শিশু ওহাবের হাতে বর্ণমালার বই তুলে দিয়ে তার বাবা বলেছিলেন, ‘তুই আমার বর্ণমালা বাঁচা’।
তখন বর্ণমালার বই হাতে ওহাব দৌড়ে বের হতে পারলেও তার বাবা-মা আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে ওহাব তার বাবার দেওয়া ‘আমার বর্ণমালা’ বইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব নেয়।
কিন্তু সমস্যা তৈরি হয় ওহাব যে স্কুলের শিক্ষক, সেখানে একটা সময়ে বাংলার পরিবর্তে ইংলিশ মিডিয়াম তৈরি করার পরিকল্পনা করা হয়। এতে বাঁধা হয়ে দাঁড়ান ওহাব।
এর কিছুদিন পর ২১ শে ফেব্রুয়ারিতে সকালবেলা শিক্ষার্থী ও শিশুরা প্রভাতফেরীতে ফুল হাতে নিয়ে গিয়ে দেখেন শহীদ মিনারে পড়ে আছে ওহাব মাষ্টারের লাশ।
নাটকে ওহাব মাষ্টারের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান; অন্যান্য চরিতে মৌসুমী হামিদসহ আরও কয়েকজন কাজ করেছেন।
