Published : 28 Jun 2026, 12:34 AM
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’।
কদিন আগে ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু।
নির্মাতারা জানিয়েছেন, এটি মান্টোর মূল গল্পের রিমেক বা রূপান্তর নয়। লেখকের গল্পে মানুষের যে সহিংসতা ও নৈতিক সংকটের দিকগুলো ছিল, সেগুলোকে বর্তমান বাংলাদেশের সমাজ চিত্রের আলোকে নতুনভাবে পর্দায় আনা হয়েছে।
চলচ্চিত্রটির গল্প নিয়ে তারা বলেন, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বামী ও বাবার অস্বাভাবিক আচরণের কারণ খুঁজতে গিয়ে ধীরে ধীরে এক ভয়াবহ সত্য বেরিয়ে আসে। পারিবারিক অপরাধবোধ ও তার ভেতরের সংকটকে ঘিরেই এগিয়েছে এর গল্প।
পরিচালক শাহ নেওয়াজ খান সিজু বলেন, “আজ থেকে ৭৬ বছর আগে সাদাত হাসান মান্টো তৎকালীন অবিভক্ত ভারতীয় উপমহাদেশের যে সামাজিক চিত্র ‘ঠান্ডা গোশত’ গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন, দুঃখজনকভাবে তা আজও বদলায়নি। দেশভাগের সময়ে নারীরা যেভাবে অনিরাপদ ছিল, আজও সমাজে নারীরা নিরাপদ নয়।”
সাম্প্রতিক নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে তুলে ধরে সিজু বলেন, “প্রায় ছয় বছর ধরে এই গল্পটি নিয়ে ভাবছি। মান্টো যেমন তার সময়ের অস্বস্তিকর সত্যগুলো নির্ভীকভাবে তুলে ধরেছিলেন, আমরাও তেমনি আমাদের সময়ের গল্প বলতে চাই।”
‘ঠান্ডা গোশত ২.০’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমদ, সুমন আনোয়ার, আনিয়াহ আবদিয়াহ তাসনিম, ফাতেমা তুজ জোহরা ইভা এবং সিফাত বন্যা।
পোস্ট প্রোডাকশনের কাজ শেষে চলচ্চিত্রটি উৎসবের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিজু।