Published : 30 Oct 2025, 06:29 PM
ভারতের দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি এসেছে। তামিলনাড়ু পুলিশের প্রধান দপ্তর ও চেন্নাই সিটি পুলিশের কাছে ই-মেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়।
ই-মেইল পাওয়ার পরই চেন্নাই পুলিশ তদন্তে নামে। তবে সন্দেহজনক কোনো কিছুই মেলেনি জানিয়ে পুলিশ ধারণা করছে, এটি ভুয়া হুমকি হতে পারে।
ইন্ডিয়া টুডে লিখেছে, হুমকির মেইল পাওয়ার পর আসার পর দুই অভিনেতার বাড়িতে পুলিশ ও বোমা নিস্ক্রিয়কারী দল কয়েক ঘন্টা তল্লাশি চালায়। তবে কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
রজনীকান্তের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তার বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তি প্রবেশের ঘটনা ঘটেনি।
চেন্নাই পুলিশ জানিয়েছে, সম্প্রতি তামিলনাড়ুতে একের পর এক তারকা ও রাজনীতিকদের উদ্দেশে এমন ভুয়া হুমকি পাঠানো হচ্ছে। এই ঘটনায় নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে অক্টোবরের শুরুতে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ এবং এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এছাড়া, সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওকেও লক্ষ্য করা হয়েছিল। এসব হুমকিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত ৯ অক্টোবর দক্ষিণের তারকা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি দিয়ে ফোন করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এসব পৃথক ঘটনাকে 'মনোযোগ আকর্ষণ ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায়' করা হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা।
চেন্নাই সিটি পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা এমন ভুয়া হুমকিগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখি, কারণ এগুলো জনমনে আতঙ্ক ছড়াতে পারে। তবে এখন পর্যন্ত কোনো বাস্তব হুমকির প্রমাণ মেলেনি।”