Published : 02 Sep 2025, 11:46 AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য।
গানের সংগীত আয়োজন করেছেন মো. স্মরণ ও কৌশিক আহমেদ অন্তর।
গানটির রেকর্ডিং শেষে এখন চলছে অডিও সম্পাদনা ও ভিডিও তৈরির কাজ। চলতি মাসেই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন লাবণ্য।
গান নিয়ে লাবণ্য বলেন, এর আ তিনি নজরুলের 'আমার আপনার চেয়ে আপন যে জন', 'আমায় নহে গো', 'বেদনার পারাবার করে হাহাকার', 'নাইবা পেলাম তোমার গলার হার' শিরোনামের গানগুলো গেয়েছেন।
“গানগুলো প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পেয়েছি। কবির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নতুন গান প্রকাশের ইচ্ছা ছিল। নানা কারণে গানটি সময়মত রেকর্ডিং করতে পারিনি।"
প্রত্যাশার কথা জানিয়ে লাবণ্য বলেন, "স্মরণ ভাই ও অন্তর ভাই দুজনেই বেশ যত্ন নিয়ে গানটি করছেন। অনেক সময় দিচ্ছেন গানটির পেছনে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা সফল হবে।"
‘ঐ ঘর ভোলানো সুরে’ প্রকাশ হবে ব্যান্ড পার্টি নামের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।