০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লম্বা বলে সেটে কটাক্ষ, শুরুর দিকে কত কী সইতে হয়েছে অমিতাভকে!

সেটে পৌঁছানোমাত্র অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে পরিচালক বলেন, "এখনই এখান থেকে বেরিয়ে যাও।"

লম্বা বলে সেটে কটাক্ষ, শুরুর দিকে কত কী সইতে হয়েছে অমিতাভকে!
অমিতাভ বচ্চন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 01:48 AM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে নানা রকম কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনকেও।

এমনকি দীর্ঘ শারীরিক উচ্চতার কারণে তাকে অভিনয়ের ‘অযোগ্য’ বলে সেট থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছিল।

আনন্দবাজার লিখেছে, সম্প্রতি ক্রীড়াজগৎকে কেন্দ্র করে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের কর্মজীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতার কথা বলেন অমিতাভ।   

প্রশিক্ষণের সময় ভুল করলে খেলোয়াড়রা যেমন কোচের বকা শোনেন, শুটিং সেটে অভিনেতাদেরও তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কি না, জানতে চাওয়া হয়েছিল অমিতাভের কাছে।   

উত্তরে অমিতাভ হেসে বলেন, অভিনয়ের শুরুর দিকে তাকে অনেক কথা শুনতে হয়েছিল। 

“আমাকে খুবই বকাঝকা করা হত। শুরুর দিকে তো প্রচুর বকুনি খেয়েছি। বলা হত, ‘তুমি কিছুই জানো না, অভিনয়-টভিনয় কিছুই পারো না। তুমি খুব বেশি লম্বা, বাড়ি চলে যাও।’” 

সেসব দিনে সংলাপ উচ্চারণ ও উপস্থাপনা নিয়েও প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হত অমিতাভকে। তার ভাষ্য, পরিচালকদের কড়া সমালোচনা ও দিকনির্দেশনা থেকেই ধীরে ধীরে নিজের অভিনয় শানিয়ে নিয়েছিলেন তিনি।  

শুটিং সেটের আরেকটি ঘটনা স্মরণ করে অমিতাভ বলেন, একবার শুটিংয়ে পৌঁছাতে তার কিছুটা দেরি হয়ে গিয়েছিল। সে সময় তার নিজের গাড়ি ছিল না, অন্য একজনের গাড়িতে করে সেটে পৌঁছান। কিন্তু পরিচালক ততক্ষণে শুটিং শেষ করে ফেলেছেন।  

সেটে পৌঁছানো মাত্র পরিচালক তাকে বলেন, "এখনই এখান থেকে বেরিয়ে যাও।"

অমিতাভের ভাষ্য, তিনি সবসময় সেটে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে অভ্যস্ত ছিলেন। তবে ওই একদিনের দেরির কারণেই পরিচালকের কাছ থেকে এমন কড়া আচরণের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

অমিতাভকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন প্রভাস এবং কমল হাসান। 

সিনেমার প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ।