১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে ‘মিউ’: সাদিয়া আয়মানের বিড়ালও পেয়েছে একটি চরিত্র

“বিড়ালটি প্রফেশনাল শিল্পীর মত কাজ করেছেন।”

ওটিটিতে ‘মিউ’: সাদিয়া আয়মানের বিড়ালও পেয়েছে একটি চরিত্র
ওয়েব ফিল্ম ‘মিউয়ের' পোস্টার ও অভিনয়শিল্পীরা। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

মা, পরিবার এবং প্রিয় বিড়ালের প্রতি ভালোবাসার গল্পে ওটিটিতে আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচার হবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, আগামী ৫ মার্চ থেকে চরকিতে দেখা যাবে সিনেমাটি। 

'মিউ' পরিচালনা করেছেন আতিক জামান। সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, "এটি মূলত একটি পরিবারের গল্প, এখানে পোষা প্রাণীর উপস্থিতি গল্পকে দিয়েছে আলাদা মাত্রা। এই সিনেমার কাহিনী পরিবারের সদস্যদের নানা অনুভূতি, সম্পর্কের জটিলতা এবং ভাঙাগড়ার ভেতরেই নিহিত।"       

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি, তামান্না হক বর্ণা।   

গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন সাদিয়া ও ইভনের বাবা–মায়ের চরিত্রে।

মা চরিত্রটি নিয়ে আফসানা মিমি রসিকতা করে বলেন, "প্রতিটি পরিবারে মা একটি রাজনৈতিক চরিত্র। পরিবার নামের কাঠামোটি অনেকটা রাষ্ট্রের মত, যেখানে মা একজন পরিচালক। পরিবারকে ধরে রাখতে মা কখনও বকা দেন, কখনও ভালোবাসেন, আবার কখনও কাউকে বঞ্চিতও করেন। এই গল্পে সেই বাস্তবতাই উঠে এসেছে, সঙ্গে রয়েছে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়ার চ্যালেঞ্জ।"

নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের ছেলে রাফি। এতে অভিনয় করেছেন ইভন। তিনি বলেন, "দায়িত্ব ও প্রত্যাশার চাপে বড় ছেলের বটগাছ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা এবং তার অসহায়ত্ব চরিত্রটিকে খুব মানবিক করে তুলেছে। আমার বিশ্বাস, দর্শকেরা সহজেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে এই চরিত্রকে মিলিয়ে নিতে পারবেন।"   

সিনেমার আরেকটি বিশেষ আকর্ষণ সাদিয়ার বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’। এই বিড়ালটিই ‘মিউ’তে অভিনয় করেছে।

সাদিয়া বলেন, "মিউ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। কারণ এখানে শুধু একটি পরিবারের গল্প নয়, পোষা প্রাণীর সঙ্গে মানুষের যে গভীর আবেগের সম্পর্ক সেটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি, কিন্তু তাদের অনুভূতি বা নির্ভরতার জায়গাটা ঠিকভাবে ভাবি না। এই ফিল্মটি সেই জায়গায় দর্শকদের ভাবাবে বলে আমার বিশ্বাস।"

বিড়ালটি প্রফেশনাল শিল্পীর মত কাজ করেছেন জানিয়ে সাদিয়া বলেন, "আমার নিজের পোষা বিড়াল আলু এই সিনেমায় কাজ করেছে। এটা আমার জন্য আলাদা আনন্দের।

“শুটিংয়ের সময় ওকে নিয়ে কাজ করা ছিল খুবই আবেগের এবং স্মরণীয় অভিজ্ঞতা। ওর সবগুলো শক এক টেকে হয়ে গেছে। খুব প্রফেশনাল আর্টিস্টের মত কাজ করেছে সে।" 

‘মিউ’ এর গল্প লিখেছেন মো আলম ভূঁইয়া, নির্মাতা ও গল্পকার মিলে লিখেছেন চিত্রনাট্য ও সংলাপ।