Published : 02 Feb 2026, 01:18 AM
একগুচ্ছ চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ছয়দিনব্যাপী এই উৎসবের শুরু আগামী মঙ্গলবার।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবছর উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার থেকে শুরু হয়ে এই উৎসবটি চলবে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত।
ফেইসবুকে চলচ্চিত্র উৎসবের খবর দিয়ে চলচ্চিত্র সংসদ লিখেছে, "ভাষা আন্দোলনের চেতনা আর বাংলা চলচ্চিত্রের স্মৃতি ও সুরের মহিমাকে একসূত্রে গেঁথে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নিয়ে আসছে দেশের চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’।”
আয়োজকরা প্রতিটি প্রদর্শনীর টিকেটের দাম ধরেছেন ৫০ টাকা। টিকেট পাওয়া যাবে টিএসসির বাইরে বুথে।"
চলচ্চিত্র উৎসবের প্রথম দিন মঙ্গলবার দেখা যাবে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
দ্বিতীয় দিন থেকে ৪টি করে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১০টা, বেলা সাড়ে ১২টা, দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিনেমাগুলো দেখানো হবে।
দ্বিতীয় দিনের আয়োজনে দেখা যাবে সুনীল বন্দোপাধ্যায়ের 'দেয়া নেয়া', আলমগীর কবিরের 'সূর্্যকন্যা', শরাফ আহমেদ জীবনের 'চক্কর ৩০২', রায়হান রাফীর 'তাণ্ডব'।
তৃতীয় দিনের আয়োজন শুরু হবে সালাউদ্দিনের 'রূপবান' চলচ্চিত্র দিয়ে, এরপর দেখা যাবে সাদিক আহমেদের 'দ্য লাস্ট ঠাকুর', পিপলু খানের জয়া আর শারমিন, মনিরুল হকের 'দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল' সিনেমা দিয়ে শেষ হবে এই দিনের আয়োজন।
চতুর্থ দিনের আয়োজনে থাকছে হারুনুর রশিদের 'মেঘের অনেক রঙ', তোজাম্মেল হক বকুলের 'বেদের মেয়ে জ্যোৎস্না', মিঠু খানের 'নীলচক্র', কামার আহমদ সাইমনের 'অন্যদিন'।
পঞ্চম দিন ৭ ফেব্রুয়ারি দেখা যাবে তপন সিনহার চলচ্চিত্র 'হারমোনিয়াম', তারেক মাসুদের 'মুক্তির গান', সানী সানোয়ারের 'এশা মার্ডার', তানিম নূরের 'উৎসব'।
শেষ দিনের আয়োজনে দেখাবে বেলাল আহমেদের 'নয়নের আলো', কাজী হায়াতের 'ধর', স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র মাহফুজ সরকারের 'দ্য নেম উই কল', আহসাবুল ইয়ামিন রিয়াদের 'জন্ম থেকে বলছি', উন্মিদ আশরাফের 'ধ্যাৎ', জয়ব্রত দাশের 'দ্য একাডেমি অব ফাইন আর্টস' সিনেমা দিয়ে শেষ হবে চলচ্চিত্র উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০২ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে।