১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

ক্যানসার আক্রান্ত মেকানিক্সের ইমরানের জন্য ‘কনসার্ট ফর ইমরান’

টিএসসির অডিটরিয়ামে ২৫ জুলাই এই কনসার্ট হওয়ার কথা রয়েছে।

ক্যানসার আক্রান্ত মেকানিক্সের ইমরানের জন্য ‘কনসার্ট ফর ইমরান’
‘কনসার্ট ফর ইমরান’ আয়োজনের পোস্টার। ছবি: আয়োজক রিদোয়ান সালেহ্ চৌধুরীর সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 12:06 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ক্যানসারে আক্রান্ত হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদের চিকিৎসার তহবিল সংগ্রহে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি; যেখানে গান শোনাবে ইমরানের হাতে গড়া মেকানিক্স, হাইওয়েসহ আরো ৮টি ব্যান্ড।

আগামী ২৫ জুলাই বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে চলবে এই কনসার্ট।

আয়োজক সংগঠনের সভাপতি রিদোয়ান সালেহ্ চৌধুরী গ্লিটজকে বলেন, “ইমরান ভাইয়ের চিকিৎসার জন্যই এই উদ্যোগ। কনসার্ট থেকে যা আয় হবে, সবটুকু আমরা ইমরান ভাই বা মেকানিক্স ব্যান্ডের হাতে তুলে দেব।”

কনসার্টে টিকেটের দাম ঠিক করা হয়েছে ২০০ টাকা। এছাড়া এই শিল্পীর সহায়তায় যে কেউ চাইলে এগিয়ে আসতে পারেন বলেও জানিয়েছেন সালেহ্ চৌধুরী।

এই আয়োজনে অংশ নিচ্ছে আটটি ব্যান্ড-মেকানিক্স, হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ, রকসল্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

টিকেট পাওয়া যাবে সরাসরি এবং অনলাইনে। কনসার্টের দিন সরাসরি টিকেট কেটেও প্রবেশ করা যাবে জানিয়েছেন রিদোয়ান। 

চলতি বছরের জুনে ইমরানের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে।

ইমরান গ্লিটজকে জানিয়েছেন, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, যা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ।

২০০৮ সালে ইমরান 'মেকানিক্স' ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।

পেশাগত কারণে গানে আর সময় দিতে পারেননি বলে জানিয়েছেন ইমরান।

২০১১ সালে ‘মেকানিক্সের’ প্রথম অ্যালবাম ‘অপরাজেয়’ প্রকাশিত হয়।

১৯ বছরের পথচলায় 'কালো বিক্ষোভ', 'ভ্রান্ত স্বপ্ন', 'বিস্ময়', 'বোধ', 'প্রতিপক্ষ', 'হাওয়ার নামে', 'পৃথিবী ২০১১', 'অপরাজেয়, 'গৃহপালিত সভ্যতা', 'পতাকাটা',' ম্লানচিত্র'সহ বহু গান রয়েছে মেকানিক্সের।