Published : 30 Jun 2025, 09:35 PM
কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৫তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে গান ও প্রামাণ্যচিত্রের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টার সংবাদের পর প্রচার হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। যেখানে আব্দুল হাদীর গাওয়া গানগুলো পরিবেশন করবেন এ প্রজন্মের তিন শিল্পী। তারা হলেন মহারাজা, আলাউদ্দিন ও শানু।
এছাড়াও অনুষ্ঠানে প্রচার হবে সৈয়দ আব্দুল হাদীর জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র।
১৯৪০ সালের ১ জুলাই ব্রিটিশ ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল হাদী। দেশভাগের পর হাদীর পরিবার চলে আসে বাংলাদেশে।
দশকের পর দশক ধরে সংগীতে অবদান রাখা এই শিল্পীর সংগীতজীবন শুরু ষাটের দশকে। রেডিও এবং চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি অল্প সময়েই শ্রোতাদের মন জয় করেন।
তার গাওয়া ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ বহু গান মুখে মুখে ফিরেছে।
আব্দুল হাদী একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন।