১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাজে নিজস্ব ছাপ রাখার চেষ্টা করি: বাপ্পা মজুমদার

শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গান ‘গলে যাওয়া সময়’।

কাজে নিজস্ব ছাপ রাখার চেষ্টা করি: বাপ্পা মজুমদার
‘গলে যাওয়া সময়’ গানের পোস্টার। ছবি: বাপ্পা মজুমদারের ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 11:40 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্ত আর ফেলে আসা শূন্যতার স্মৃতি আঁকড়ে ধরে রাখার গল্পে নতুন গান ‘গলে যাওয়া সময়’ নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।      

নিজস্ব ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গান ‘গলে যাওয়া সময়’।  

গানটির কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো মিউজিক প্রোডাকশন পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজে। 

আর গানের গানচিত্র ও আর্টওয়ার্ক তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। 

'গলে যাওয়া সময়' গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, "গানে মূলত হারিয়ে যাওয়া সময় ও তার শূন্যতা পরিমাপের চেষ্টা করা হয়েছে। নদী কিংবা বালুর স্রোতের মত সময় বয়ে ঘড়ির কাঁটার সঙ্গে অনন্তে বিলীন হয়ে যায়, আর সবকিছু স্মৃতিকোষে জমা হতে থাকে। এই চিরন্তন সত্যটিই সংগীতে রূপ দেওয়া হয়েছে।" 

নিজের লেখা গান প্রকাশ নিয়ে বাপ্পা মজুমদারের ভাষ্য, সংগীতায়োজক বা শিল্পী হিসেবে প্রতিটি কাজেই নিজস্ব একটি ছাপ রাখার চেষ্টা থেকেই তিনি এখন নিজে গান লিখছেন।    

গীতিকার হিসেবে নিজের ভাবনার কথা তুলে ধরে এই শিল্পী বলেন, "অন্য গীতিকারদের লেখায় তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। কিন্তু 'বুড়ো নাবিকের গল্প' কিংবা 'গলে যাওয়া সময়' গান দুইটিতে আমি যা বলতে চেয়েছি, তা একদম আমার নিজস্ব ভাষ্যে উঠে এসেছে। কথা তো আমি আগেও লিখেছি, হয়ত এভাবে পরপর প্রকাশ পায়নি।"

গেল ২৫ জুলাই এই শিল্পী প্রকাশ করেছেন তার লেখা গান 'বুড়ো নাবিকের গল্প'।       

গানটির বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। ‘বি এম জেড ওয়ার্কস্টেশন’ স্টুডিওতে রেকর্ড করা গানের মিক্স ও মাস্টারিং সম্পাদন করেছেন আমজাদ হোসেন বাপ্পি। 

‘অগ্নিলীলা রেকর্ডস’ এর ব্যানারে প্রকাশিত এই গানচিত্রটি প্রযোজনা করেছে ভিডিও স্টুডিও ‘রেড অক্টোবর’।