রানা প্লাজা দিবস স্মরণে বটতলার সাংস্কৃতিক সমাবেশ বুধবার
লালমাটিয়া হাউজিং সোসাইটি কলোনি মাঠে এই সমাবেশে থাকবে পথনাটক, প্রতিবাদী গান-কবিতা।
রানা প্লাজা দিবস স্মরণে সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছে নাট্য সংগঠন ‘বটতলা’।
শ্রমিকের অধিকার আদায়ের সপক্ষে আন্দোলনরত সাংস্কৃতিক সংগঠন, শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
‘কারখানা কেন বন্দিশিবির’ শিরোনামে এই সমাবেশ বুধবার সন্ধ্যায় লালমাটিয়া হাউজিং সোসাইটি কলোনি মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশে পথনাটক, প্রতিবাদী গান কবিতা নিয়ে যুক্ত হবে বটতলা, প্রাচ্যনাট, অপেরা নাটকের দল, নব আনন্দ, নাটনন্দন, সমগীত, থিয়েটার ৫২, মাভৈ, শায়ান, মেহেদী হাসান আকাশ এবং ‘বটতলা’র সুহৃদ শিল্পী সংগঠন ও বন্ধুরা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার ৫ হাজারের মতো শ্রমিক তার নিচে চাপা পড়েন।
কয়েকদিনের উদ্ধার তৎপরতায় ১ হাজার ১৩৬ জনের লাশ তুলে আনা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় দুই হাজার শ্রমিক আহত ও পঙ্গু হন।
