১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরচুলার দাবিতে অনড় অক্ষয়, ছেড়ে দিলেন ‘দৃশ্যম ৩’

প্রযোজকের দাবি, তারকা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরে এমন কাণ্ড ঘটালেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

মাথায় পরচুলা পরে ‘দৃশ্যম ৩’ সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন ‘ধুরন্ধর’ দিয়ে চমক তোলা হিন্দি সিনেমার অভিনেতা অক্ষয় খান্না। কিন্তু তাতে রাজি নন সিনেমার প্রযোজক। 

তাই ক্ষুব্ধ হয়ে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। যদিও ‘ধুরন্ধর’ দিয়ে লুক, নাচ ও অভিনয় দিয়ে ঝড় তোলা অক্ষয়ে নতুন কাজ নিয়ে দর্শকরা আগ্রহী ছিলেন।

এনডিটিভি লিখেছে, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃশ্যম ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। তখন তার মাথায় পরচুলা ছিল না। কিন্তু ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে পরচুলা পরার শর্ত রেখেছেন অভিনেতা। 

নির্মাতাদের বক্তব্য, আগের সিনেমায় পরচুলা ছিল না। তাই এবারে পরচুলা পরলে গল্পের ধারাবাহিকতা বজায় রাখা যাবে না। তাতেই নাকি ক্ষুব্ধ হয়ে ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অক্ষয়। 

প্রযোজক কুমার মাঙ্গত পাঠকের দাবি, অক্ষয় সম্পূর্ণ চিত্রনাট্য শুনে তিনি পছন্দ করেছিলেন। চুক্তি সইয়ের আগে তার পারিশ্রমিক নিয়ে তিন দফা আলোচনা হয়। এরপর এই তারকা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরে এমন কাণ্ড ঘটালেন। 

প্রযোজক অক্ষয়ের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ‘অপেশাদার আচরণেন’। 

কেবল তাই নয়, কটাক্ষ করে প্রযোজক কুমার মাঙ্গত পাঠক বলেন, “সাফল্য যেন মাথায় উঠে গিয়েছে অক্ষয়ের। ধুরন্ধর সিনেমার সাফল্য তিনি নিজের বলে দাবি করছেন। যা মানা যায় না।”

পাঠক বলেন, “আমরা অক্ষয় খান্নার সঙ্গে চুক্তি করেছিলাম। উনার পারিশ্রমিকও বহুবার আলোচনার পর চূড়ান্ত করা হয়। তার আব্দার মত হঠাৎ যদি চরিত্রের মাথায় চুল এসে যায়, তাহলে বিষয়টির কন্টিনিউটির সমস্যা তৈরি করবে। প্রাথমিকভাবে তখন অক্ষয় আমাদের যুক্তি মেনেও নেন।”

প্রযোজক পাঠকের অভিযোগ অক্ষয়ের আশপাশের লোকজন তাকে পরচুলা পরার বিষয়ে উসকানি দেন। 

“ওই সব মানুষের কথা ছিল যে, অক্ষয়কে পরচুলাতে মানাবে। কিছু মানুষের কথায় অক্ষয় নিজেও ভাবতে শুরু করেন, হয়ত পরচুলাতেই তাকে স্মার্ট দেখাবে। তবে আমরা সেটা মনে করছি না। এর মধ্যে অক্ষয় জানিয়ে দিলেন তিনি আর সিনেমাটি করতেই রাজি নন।

“অক্ষয় খান্না একটি টেক্সট মেসেজ পাঠিয়ে সিনেমাটি না করার সিদ্ধান্ত জানান। রপর আর কোনো যোগাযোগে সাড়া না দেওয়ায় আমরা আইনি পথে গেছি।”

অক্ষয়ের বদলে এবার ‘দৃশ্যম ৩’ সিনেমায় দেখা যাবে জয়দীপ অহলওয়াতকে। নতুন অভিনেতাকে নিয়ে সিনেমার শুটিংও শুরু হয়েছে।

‘দৃশ্যম’ সিনেমাকে একটি ‘বড় ব্র্যান্ড’ বর্ণনা করে প্রযোজক পাঠক বলেন, অক্ষয় থাকুন বা না থাকুন, তাতে সিনেমার কিছু আসে যায় না।

কেবল পরচুলা নিয়ে সমস্যাই নয়, ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পরে অক্ষয় পারিশ্রমিকের অঙ্কও বাড়িয়েছেন। 

শোনা যাচ্ছে, তিনি নাকি ২১ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন। যা নিয়েও নির্মাতাদের সঙ্গে মতান্তর হয়েছে তার। আগে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি। 

তবে এসব বিষয়ে অক্ষয়ের বক্তব্য পাওয়া যায়নি।

‘দৃশ্যম ৩’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। যিনি বিজয় সালগাঁওকারের ভূমিকায় অভিনয় করছেন। তাবু অভিনয় করছেন সাবেক পুলিশ কর্মকর্তা মীরা দেশমুখ চরিত্রে।

 ‘দৃশ্যম ৩’ প্রেক্ষাগৃহে আসছে ২০২৬ সালের ২ অক্টোবর। 

চলতি বছর ‘ছাবা’ আর ‘ধুরন্ধর’-এ দুই ব্যতিক্রমী চরিত্রে সাফল্য পেয়েছে অক্ষয়। ‘ছাবা’ সিনেমায় তিনি করেন ‘আরঙ্গজেবের’ চরিত্র; আর ‘ধুরন্ধর’ সিনেমায় পাকিস্তানের কুখ্যাত ‘রেহমান’ ডাকাতের চরিত্রটি করেছেন অক্ষয়।