Published : 20 May 2026, 03:48 PM
পর্দায় চরিত্র হয়ে উঠতে বা বিশ্বাসযোগ্যতা অজর্ন করার জন্য অভিনয় শিল্পীদের প্রস্তুতি এখন থাকে না বললেই চলে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সংগীতশিল্পী অঞ্জন দত্ত।
তার কথায়, প্রস্তুতির অভাব থাকলে চরিত্র হয়ে ওঠা সম্ভব নয়।
কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
কাজের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা নিয়ে অঞ্জন বলেন, “আমি নিজের মত তৈরি হই, চেষ্টা করি। তবে আমি প্রস্তুত হয়ে অভিনয় করছি, উল্টোদিকে সহ-অভিনেতা বেসুরে বাজছেন, তাতেও কাজ করতে সমস্যা হয়। কারণ আলোচনা, রিহার্সাল এগুলো কাজের অঙ্গ। সেটা বাদ দিয়ে ভালো কাজ হয় না।
“অপর্ণা সেন জানেন আমি কী করতে পারি, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তও জানতেন কী করতে পারি। অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, তারাও কাজটা জানতেন-বুঝতেন। আসল বিষয়, পর্দায় বিশ্বাসযোগ্যতা তৈরি করা।”

এই সময়ে এসে অনুশীলন কমে গেছে বলে আক্ষেপ করেছেন অঞ্জন।
তিনি বলেন, “এখন তো সেটে যে যার ফোন নিয়ে ব্যস্ত, বেশিরভাগ ক্ষেত্রে শুটের আগে কোনো আলাপ-আলোচনাই হয় না। মেকআপ লাগিয়ে সিন উতরে দিলাম বা গ্লিসারিন লাগিয়ে কেঁদে ফেললাম, শুধু এটুকুই অভিনেতাদের কাজ নয়।”
অঞ্জন বলেছেন, জীবনের প্রথম অভিনয় তাকে দিয়ে জোর করে করিয়েছেন প্রখ্যাত পরিচালক মৃণালদা সেন। তবে এরপর থেকে পছন্দসই কাজই কেবল তিনি করেছেন।
“চরিত্রগুলো বিশ্বাসযোগ্য হলেই কাজ করার ক্ষেত্রে হ্যাঁ বলি। আগে অন্য রকম ভাবতাম, এখন আলাদা কিছু ভাবছি, তেমনটা নয়। সে জন্যই আমার অভিনয়ের কাজ এত কম। তার মানে খারাপ কোনো কাজ করিনি, তেমনটা নয়। হয়তো সে ক্ষেত্রে বুঝতে পারিনি কাজটা খারাপ হবে। এ রকম পাঁচ-ছয়টা সিনেমা রয়েছে। আমার অনেক সিনেমাই হয়তো বক্স অফিসে ভালো চলেনি, কিন্তু আমি জানি বেশ কিছু দারুণ কাজের অঙ্গ হতে পেরেছি।”

সময়ের সঙ্গে ভালো চরিত্রে কাজ করার সুযোগ কমে গিয়েছে কী না জানতে চাইলে অঞ্জন বলেন, নিজে পরিচালক হওয়ার সুবাদে শুটিংয়ের সময়েই তিনি কাজের ভালো বা মন্দ ধরতে পেরে যান।
খোলামেলা কথায় অঞ্জন বলেন, “আমার মনে হয়, অভিনয় কাজটা ঠিক কী, সেটাই অনেকে জানেন না। অনেক পরিচালক হোক না অভিনেতা, তালিকাটা দীর্ঘ। কাজটা করতে ঢুকে পড়েছি তাই করছি, এই যেন তাদের অ্যাপ্রোচ। কাজটার পিছনে যে বৈজ্ঞানিক কিছু বিষয় রয়েছে, একটা লম্বা প্রস্তুতি, আলাপ-আলোচনার পর্ব রয়েছে, এগুলো নিয়ে তারা চিন্তিতই নন। স্ক্রিপ্টের বাইরে গিয়েও চরিত্রের সঙ্গে কিছুটা আত্মস্থ হওয়ার অনুশীলনটা ধারাবাহিক ভাবে কখনই সেভাবে চলেনি।
“কিছু ভালো অভিনেতা, পরিচালক বরাবরই ছিলেন, আছেন, তারা নিজেদের কাজটা করে যান।”