নজরুল প্রয়াণ দিবসে ছায়ানটের নাচ-গান-আবৃত্তি
ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে ‘নজরুলের গানে মাতোয়ারা ঢাকা’ শিরোনামে অনুষ্ঠান হয়েছে।
নাচ, গান আর আবৃত্তির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন করল ছায়ানট।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে ‘নজরুলের গানে মাতোয়ারা ঢাকা’ শিরোনামে অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, “…নবীনের আবাহনের মধ্য দিয়ে শিখা গোষ্ঠীকে বরণ করেছিলেন নজরুল ইসলাম। শত বছর আগে ঢাকার সেই নবীনদের সংঘ যে নতুন চিন্তা ও সমাজ-মুক্তির আদর্শের জন্ম দিয়েছিল, তারই বন্দনায় গান ও কবিতায় ঢাকাবাসীর চিত্ত আলোড়িত করেছিলেন নবযৌবনের কবি কাজী নজরুল ইসলাম।
“মুক্তবুদ্ধি ও বিদ্রোহী তারুণ্যের সেই অনন্য সম্মিলনের শতবর্ষ স্মরণে ছায়ানট নিবেদন করছে, নজরুলের গানে মাতোয়ারা ঢাকা’।”
অনুষ্ঠানে গার্গী ঘোষ পরিবেশন করেন একক গান ‘আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান’। ছায়ানটের শিল্পীদের সমবেত গান ও নৃত্যে পরিবেশিত হয় ‘ওঠ্ রে চাষী, জগৎবাসী, ধর্ কষে লাঙল’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’। সমবেত কণ্ঠে শোনা যায় গান ‘চল্ চল্ চল্’।
একক পরিবেশনায় শাহীন সামাদের কণ্ঠে ‘এত জল ও-কাজল চোখে’, ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী। ঐশ্বর্য সমাদ্দার গেয়ে শোনান ‘আমি কি সুখে লো’, রেজাউল করিম ‘বসিয়া নদী কূলে’। মিরাজুল জান্নাত সোনিয়া গেয়ে শোনান ‘না মিটিয়ে সাধ মোর’।
একক কণ্ঠে নজরুলের গান গেয়ে শোনান আফসানা রুনা, সুমন মজুমদার, নাসিমা শাহীন ফ্যান্সি, শারমিন সাথী ইসলাম, সনজিদা বীথিকা।
কবি নজরুলের ‘খালেদ’ কবিতার অংশবিশেষ যৌথভাবে আবৃত্তি করেন মাহমুদা আখতার ও দেওয়ান সাঈদুল হাসান।
