১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জেলার টু’: শাহরুখের জায়গায় রজনীকান্তের সঙ্গে হৃত্বিক

‘জেলার ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আগামী ১১ সেপ্টেম্বর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 04:51 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

দক্ষিণের মহাতারকা রজনীকান্তের সঙ্গে বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের পর্দা ভাগাভাগির কথা ছিল। এমন খবরে উচ্ছ্বসিতও ছিলেন অনেক। কিন্তু তা আর হচ্ছে না। আর শাহরুখের অসম্মতির পরই নির্মাতারা এই বিশেষ চরিত্রের জন্য বলিউডের হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করেছেন।

‘কিং’ সিনেমার শুটিংয়ের তারিখ নিয়ে জেরবার হচ্ছেন শাহরুখ। তাই রজনীকান্তের ‘জেলার ২’ থেকে তিনি সরে দাঁড়ান বলে জানিয়েছে নিউজ এইট্টিন। 

২০২৩ সালে ‘জেলার’ সিনেমার বিপুল সাফল্যের পরই এর সিক্যুয়েল আসার খবর আসে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই সর্বভারতীয় সিনেমায় একটি বিশেষ ক্যামিও বা অতিথি চরিত্রের জন্য শাহরুখ খানের কাছে প্রস্তাব গিয়েছিল। শুরুতে তিনি রাজি থাকলেও বাধ সেধেছে তার ‘কিং’ সিনেমা। তাই রজনীকান্তের এই সিনেমায় সময় দিতে পারছেন না তিনি।

এরপর থেকে নির্মাতারা ক্যামিও চরিত্রের জন্য অন্য বিকল্প খুঁজতে শুরু করেন। অবশেষে হৃত্বিকের সঙ্গে তাদের পাকা কথা হয়। 

এর আগে ‘ভগবান দাদা’ সিনেমায় হৃতিক এবং রজনীকান্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

‘জেলার ২’ আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। নির্মাতারা এই তারিখ ধরে সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন। 

অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘জেলার’ মুক্তির পর হইচই ফেলে দেয়। বক্স অফিসকে দুহাতে ভরিয়েও দিয়েছিল সিনেমাটি।