১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন কার্টুনে শুরু হচ্ছে দূরন্তের নতুন মৌসুম

আগামী শুক্রবার থেকে শুরু হওয়া এই সিজনে দেখানো হবে ‘ক্লিও অ্যান্ড কুকিন’, ‘পোলিনোপোলিস’ও ‘পিনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক’ শিরোনামের তিন কার্টুন।

তিন কার্টুনে শুরু হচ্ছে দূরন্তের নতুন মৌসুম
দুরন্ত টিভিতে দেখা যাবে নতুন কার্টুন অনুষ্ঠান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

শিশুদের জন্য বিশেষায়িত চ্যানেল দুরন্ত টিভির ৩০তম সিজন শুরু হতে যাচ্ছে কয়েকটি নতুন কার্টুন অনুষ্ঠান নিয়ে। 

আগামী শুক্রবার থেকে শুরু হওয়া এই সিজনে থাকবে তিনটি কার্টুন অনুষ্ঠান। সেগুলো হল ‘ক্লিও অ্যান্ড কুকিন’, ‘পোলিনোপোলিস’ও ‘পিনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক’।  

এক বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভি জানিয়েছে, নতুন কার্টুন ছাড়াও গত সিজনে শুরু হওয়া শিশু স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’ শিরোনামের অনুষ্ঠানটির নতুন পর্বও দেখা যাবে এই সিজনে।    

প্রি-স্কুল কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’ দেখা যাবে প্রতি শুক্রবার ও শনিবার সকাল সাড়ে ৭টায় এবং রাত ৯টায়।  

এই কার্টুনে দেখা যাবে ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ক্লিও। বয়স মাত্র আট হলেও দায়িত্ব নিয়ে সে আগলে রাখে ছোটদের। ক্লিও ও তার পাঁচ ভাইবোনের নানা সমস্যা এবং সেগুলো সমাধানের মজার মজার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ক্লিও অ্যান্ড কুকিন’। 

এই কার্টুন সিরিজে কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শেউঁতি শাহগুফতা। 

দুই বন্ধুর রোমাঞ্চকর এক অভিযান নিয়ে নির্মিত হয়েছে কার্টুন সিরিজ ‘পোলিনোপোলিস’। 

যেখানে দেখা যাবে মাইলো, ইউকা ও তাদের বন্ধুরা পোলিনোপোলিসে থাকে। সেখানে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাদের

পোলিনোপোলিস কার্টুন সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। এটি দেখা যাবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর দেড়টায় ও রাত সাড়ে ৮ টায়।   

কমেডি ধারার কার্টুন সিরিজ ‘পিনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক’। এই কার্টুনের চরিত্র চৌদ্দ বছর বয়সী মিশেল একজন ডিজাইনার। ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়া স্বপ্ন দেখে সে। 

একদিন শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউট ‘পিনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক’ থেকে স্কলারশিপের প্রস্তাব পায় মিশেল। স্বপ্নকে বাস্তব করতে সে ভর্তি হয়ে যায় শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউটটিতে। কয়েকজন বন্ধুও পেয়ে যায় দ্রুত। 

মিশেল ও তার বন্ধুদের মজার মজার সব ঘটনা নিয়েই এই কার্টুন। সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব।

এই কার্টুনটিও একই দিনে দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৭ টায় দেখা যাবে।