২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিয়েবাড়ির ঢংয়ে বিটিভির এবারের ঈদ আনন্দমেলা

এবারের আনন্দমেলায় বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে।

বিয়েবাড়ির ঢংয়ে বিটিভির এবারের ঈদ আনন্দমেলা
বিটিভিতে ঈদের দিন প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 10:03 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

কোরবানির ঈদ ঘিরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় নাচে-গান-আড্ডায় মেতে উঠবেন এক ঝাঁক তারকা।

এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে বিয়েবাড়ির ঢংয়ে আয়োজন করা হয়েছে এবারের অনুষ্ঠান।

আনন্দমেলায় বিয়ে বাড়ির ওই অনুষ্ঠানে দেখা যাবে, অভিনেতা সাজু খাদেম বিয়ে করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে! আর তাদের বিবাহত্তোর অনুষ্ঠানে হাজির হয়েছেন শিল্পীরা। সেখানেই ঘটবে নানা ঘটনা।

ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে ইংরেজি সংবাদের পর।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান, মাছুদ এ হাসান ও  মো. হাসান রিয়াদ।

গান, নাচ, আড্ডা মিলিয়ে আনন্দমেলা বিভিন্ন পর্বে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে দেখা যাবে, পলাশ ও ইভানা আসেন সাজু খাদেমের বিয়েতে। এসে তারা খুঁনসুটি ও আড্ডায় মেতে ওঠেন। এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে! জমজ দুই ভাই দিব্য ও সৌম্যও আসেন ওই বিয়ের দাওয়াতে। জমজ হওয়ায় সেখানেও তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। সেইসঙ্গে একটি কুইজ শোতেও অংশ নেন তারা।

এছাড়া বিয়ে বাড়িতে উপস্থিত হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও পরিচালক শিহাব শাহীন। এই অভিনেতা এবং পরিচালক তাদের ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ নিয়ে কথা বলবেন।

বিয়ে বাড়িতে আরো আসেন নারী ক্রিকেটের প্রথম অধিনায়ক সালমা খাতুন ও আইসিসি স্বীকৃত প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি। আড্ডার পাাশাপাশি তারা অংশ নেন একটি ক্রিকেট ম্যাচেও।

অভিনেতা মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান এবং ওয়াহিদা জলিও আসবেন অনুষ্ঠানে। নিজেদের বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে স্মৃতিচারণ করবেন এই বর্ষীয়ান অভিনয় শিল্পীরা।

বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান শোনাবেন সংগীতশিল্পী কণা, শফি মন্ডল ও মাহতিম সাকিব। আতিয়া আনিসাও গাইবেন তার জনপ্রিয় গান ‘চলো নিরালায়’।

চিত্রনায়িকা পূজা চেরী তার সিনেমার বিভিন্ন গানের নৃত্য পরিবেশনা করবেন।

এছাড়া বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হবে রাহুল আনন্দের ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা দিয়ে।