Published : 01 Oct 2025, 07:35 PM
চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) প্রধান ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ার তথ্য দিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে নিসচার সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ‘দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ’ এবং ছয় মাস ধরে তিনি ‘লন্ডনে চিকিৎসাধীন’ রয়েছেন।
নিসচা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি (মিরাজুল মইন জয়) বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। এখনো চিকিৎসা চলছে। বক্তব্যে তিনি নিসচার বর্তমান অবস্থান, জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি ও নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত অবস্থান তুলে ধরেন।
“তিনি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর অবগতির জন্য জানান, নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থান একমাত্র চিকিৎসাজনিত কারণে।”
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠান নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
সাত মাস ধরে অসুস্থ হলেও এখন কেন জানানো হল, এর জবাবে লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওনার (ইলিয়াস কাঞ্চন) পরিবার আসলে চায় নাই সংবাদমাধ্যম জানুক। জানলে সবাই ফোন দেবে, খোঁজ নেবে- এতে চিকিৎসায় ‘হ্যাম্পার’ হওয়ার শঙ্কা ছিল।
“তারা (পরিবার) হয়ত চেয়েছে, সময় হলে জানাবে। তখন সবার দোয়া চাইবে। সেভাবেই এখন জানাল।”
এপ্রিল মাসের শেষ দিকে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন।
নিজে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মহাসচিব বানান সাংবাদিক শওকত মাহমুদকে, যিনি বছর দুয়েক আগে বিএনপি থেকে বহিষ্কার হন।
শওকত মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওনার ব্রেইন টিউমার হয়েছে। লন্ডনে একটি হাসপাতালে ওনার অস্ত্রোপচার হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে।”
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মিন্টো রোডে ‘সন্দেহজনকভাবে ঘোরাঘুরির’ অভিযোগে গ্রেপ্তার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম। তার বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দলে অর্থায়নের সম্পৃক্ততা মিলেছে বলে একাধিক সংবাদমাধ্যম খবর ছেপেছে।
এ ঘটনার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানানোর সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে লিটন এরশাদ বলেন, “না না; সেটা না। ওনার এক ছেলে এক মেয়ে। তারা ভেবেছে, অক্টোবরজুড়ে নিসচার যে কর্মসূচি থাকে, তা যেন ‘স্থবির’ না হয়।
“আপনি জানবেন, অক্টোবর মাস শোকের মাস। উনার জীবনের কঠিনতম ঘটনা ঘটেছে এ সময়। এজন্য প্রতি অক্টোবরে উনি কন্টিনিউ মাঠে থাকেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যান।
“জাতীয় নিরাপদ সড়ক দিবসে সরকারের অনুষ্ঠানে থাকেন। এবার নিসচার কার্যক্রম যেন সচল থাকে, অক্টোবরের কোনো কর্মসূচি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই এখন তার পরিবার তুলে এনেছে।”
তবে রাজনৈতিক দলের অর্থায়ন নিয়ে ‘নিসচা কিছুই জানে না’ বলে তার ভাষ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৫ অগাস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পুরো টিউমার অপসারণ করা যাবে না। এতে জীবনহানিসহ প্যারালাইসড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি।
“চিকিৎসকের সিদ্ধান্তে আস্থা রেখে টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি দেয় তার পরিবার। বাকি রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার কথা বলেছেন চিকিৎসকরা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোট ৩০দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে। সপ্তাহে পাঁচ দিন করে ৬ সপ্তাহ চলবে এই রেডিয়েশন ও কেমোথেরাপির কাজ। এ মাসেই শুরু হবে চিকিৎসার এই ধাপ। এরপর ৪ সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। পরে সেখানকার চিকিৎসকরা অনুমতি দিলে তিনি বাংলাদেশে আসতে পারবেন।”
প্রায় তিন দশকের অভিনয় জীবনে কয়েকশ সিনেমায় কাজ করেন ইলিয়াস কাঞ্চন, যার শুরুটা হয় ১৯৭৭ সালে সুভাষ দত্তের বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে।
এরপর একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিলেও ইলিয়াস কাঞ্চন জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন ১৯৮৯ সালে; বেদের মেয়ে জোস্না চলচ্চিত্রের মাধ্যমে।
খ্যাতির তুঙ্গে থাকার মধ্যে ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারান ইলিয়াস কাঞ্চন। এ ঘটনার পর নিরাপদ সড়কের আন্দোলনে নামেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা; গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংস্থা।