১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘দৃশ্যম ৩’: বিজয় চরিত্রে ফিরছেন অজয়

‘দৃশ্যম দ্য কনক্লুশন’ প্রেক্ষাগৃহে আসছে অক্টোবরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 03:48 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

কোভিড মহামারীর পর থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ২’ দিয়ে বলিউডে মুখ রক্ষা করেছিলেন অজয় দেবগন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়ক।

এনডিটিভি জানিয়েছে, এবারের সিরিজের নাম ‘দৃশ্যম দ্য কনক্লুশন’; আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

জিতু জোসেফের মালয়ালম থ্রিলার সিনেমা ‘দৃশ্যম’ ২০১৩ সালেই মুক্তির পর পেয়েছিল জনপ্রিয়তা। ২০২১ সালে এর সিকুয়েলও সাড়া তোলে।

গেল দুই পর্বে রহস্য, গোপন তথ্য এবং পরিবারের নিরাপত্তার জন্য বিজয়ে একের পর এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ দেখার পরে, এ বার সামনে আসবে তার গল্পের শেষ অধ্যায়। বিজয় চরিত্রেই পর্দায় আসছেন অজয়।

 ‘দৃশ্যম দ্য কনক্লুশন’-এর প্রথম পোস্টার প্রকাশ করেন অজয়। 

তাতে লেখা রয়েছে, “আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার”। বিজয়ের মানসিকতাকে এই একটা বাক্যই যেন তুলে ধরে।

এর আগে গেল ডিসেম্বরেই প্রকাশ পেয়েছিল সিনেমার প্রথম ঝলক। সেখানে নেপথ্যে অজয়ের কণ্ঠে বিজয়ের মানসিক অবস্থার আভাস মিলেছিল। 

বিজয়কে বলতে শোনা যায় যে, গোটা দুনিয়া তাকে অপরাধী, খুনি, প্রতারক, ঠগ, নায়ক, নির্দোষ, নায়ক, বাবা বা বুদ্ধিদীপ্ত— নানা নামে চেনে। কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। গত সাত বছরে ঘটে যাওয়া ঘটনা এবং নিজের কাজ থেকে সে একটি বিষয় বুঝেছে— এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সত্য এবং অধিকার আলাদা। আর তার সত্য ও অধিকার হল তার পরিবার। যতক্ষণ কঠিন পরিস্থিতির অবসান না হচ্ছে, ততক্ষণ সে দরজা আগলে, শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবে।

সিনেমাটি পরিচালনায় ফিরেছেন অভিষেক পাঠক। এই ফ্র্যাঞ্চাইজ়ির কেন্দ্রীয় চরিত্র বিজয়।  গোয়ার এক সাধারণ, শান্ত স্বভাবের পারিবারকেন্দ্রিক মানুষ তিনি। বাড়িতে একটি খুনের ঘটনা ঘটার পর নিজের পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান তিনি। সেই থেকেই শুরু হয় একের পর এক রহস্যে ভরা গল্প।

তৃতীয় পর্বে পুলিশ কর্মকর্তা মীরা দেশমুখের চরিত্রে দেখা যাবে টাবুকে। শ্রিয়া সরন ফিরবেন নন্দিনী হিসেবে। রজত কপূরকেও দেখা যাবে আবার। পাশাপাশি প্রকাশ রাজ এবং জয়দীপ অহলাওয়তকে নতুন চরিত্রে দেখা যাবে। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।

এদিককে চলতি বছর মুক্তি পেয়েছে অজয়ের ‘ধামাল ৪’। সিনেমাটি বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিয়েছে।