Published : 30 Jan 2026, 09:40 PM
বাংলার নিজস্ব নাট্যরীতি, গীতিনাট্য ও লোকজ সাংস্কৃতিক ধারাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরতে ‘ভৈরবী গীতরঙ্গ’ দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক উৎসব ‘গীতরঙ্গ উৎসব’।
শনিবার থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত।
ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত এই উৎসবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, গীতল সন্ধ্যা এবং গীতরঙ্গ পরিবেশনা।

প্রথম দিন শনিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির ভৈরবীর কার্যালয়ে দেখানো হবে কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমা ‘হীরক রাজার দেশে’।
দ্বিতীয় দিন রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চ ২ (চিলেকোঠা) এ অনুষ্ঠিত হবে ‘গীতল সন্ধ্যা’।
উৎসবের সমাপনী দিনে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে গীতরঙ্গ প্রযোজনা নাটক ‘সোনাই’। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন ইলিয়াস নবী ফয়সাল।

উৎসব নিয়ে ভৈরবী গীতরঙ্গ দলের প্রতিষ্ঠাতা ও নাট্যনির্দেশক ইলিয়াস নবী ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গীতরঙ্গ আমাদের কাছে শুধু একটি পরিবেশনা নয়, এটি বাংলার মাটির সঙ্গে শৈল্পিক ভাষা। এই উৎসবের মাধ্যমে আমরা গীতিনাট্য ও লোকজ নাট্যধারাকে নতুন প্রজন্মের কাছে নতুন করে পৌঁছে দিতে চাই। দর্শক ও শিল্পীর মধ্যে একটি জীবন্ত সংযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
ভৈরবী গীতরঙ্গ দল সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশীয় নাটক, গীতরঙ্গ ও লোকজ সংস্কৃতিচর্চার মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে কাজ করে যাচ্ছে।
আয়োজকদের মতে, এই উৎসব তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিকল্প নাট্যচর্চাকে উৎসাহিত করবে।
উৎসবের প্রতিটি আয়োজন দেখা যাবে বিনামূল্যে।