Published : 09 Feb 2026, 10:37 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবে 'হীরালাল সেন' পদক পেয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমা।
এ পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ছয়দিনব্যাপী চলা ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ এর পর্দা নেমেছে। রোববার রাতে তরুণ নির্মাতা আকাশ হকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
চলচ্চিত্র সংসদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাটি সেরা পুরস্কার হিসেবে 'হীরালাল সেন' পদক পেয়েছে।
তবে সর্বোচ্চ পুরস্কার না পেলেও এই আয়োজনে আলোচিত সিনেমা তানিম নূরের ‘উৎসব’। সিনেমাটি দর্শক সমালোচকদের প্রশংসা পাশাপাশি একাই অর্জন করেছে সেরা নির্মাতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা এবং সেরা শব্দশৈলী শাখার চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার।
গত ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হওয়া এই উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়েছে।
ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর টিএসসিতে আয়োজন করা হয় ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। এ বছর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় আহমেদ হাসান পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
উৎসবে দেখানো হয় সুনীল বন্দোপাধ্যায়ের 'দেয়া নেয়া', আলমগীর কবিরের 'সূর্্যকন্যা', শরাফ আহমেদ জীবনের 'চক্কর ৩০২', রায়হান রাফীর 'তাণ্ডব', সালাউদ্দিনের 'রূপবান', সাদিক আহমেদের 'দ্য লাস্ট ঠাকুর', পিপলু খানের 'জয়া আর শারমিন', হারুনুর রশিদের 'মেঘের অনেক রঙ', তোজাম্মেল হক বকুলের 'বেদের মেয়ে জ্যোৎস্না', মিঠু খানের 'নীলচক্র', কামার আহমদ সাইমনের 'অন্যদিন'।
সমাপনী দিন রোববারের আয়োজনে দেখানো হয়েছে বেলাল আহমেদের 'নয়নের আলো', কাজী হায়াতের 'ধর', স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র মাহফুজ সরকারের 'দ্য নেম উই কল', আহসাবুল ইয়ামিন রিয়াদের 'জন্ম থেকে বলছি', উন্মিদ আশরাফের 'ধ্যাৎ'। কলকাতার জয়ব্রত দাশের 'দ্য একাডেমি অব ফাইন আর্টস' সিনেমা দিয়ে শেষ হয় চলচ্চিত্র উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০২ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে।