Published : 13 Feb 2026, 11:14 PM
ভালোবাসা দিবস ঘিরে প্রচার হয়েছে ব্যান্ড ‘এক্সকেইপের’ নতুন গান ‘আমি পাখি হবো’। গানটিতে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আবীর সাদাফ ও দেবশ্রী অন্তরা।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডটির গিটারিস্ট কাজী রিন্টু ও আবীর সাদাফ। আর মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন।
গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে এআই ব্যবহার করে।
গানটি নিয়ে দেবশ্রী অন্তরা গ্লিটজকে বলেন, “'লাগে উরাধুরা' গানের পর আর গানে নিয়মিত হওয়া হয়নি বিভিন্ন কারণে। কিন্তু সংগীত কখনও আমাকে ছাড়েনি। 'আমি পাখি হবো' গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়া, যেটা বেশ স্পেশাল। গানটির আবেগ আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং গানটি শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।"
২০২৪ সালে সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানটি গেয়ে বেশ পরিচিতি পান অন্তরা। এরপর আর নতুন গানে পাওয়া যায়নি এই শিল্পীকে।
ব্যান্ড ‘এক্সকেইপের’ ভোকালিস্ট আবীর সাদাফ জানিয়েছেন, গানটি কেবল ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়, এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ নামের একটি আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্মের অংশ হিসেবে নির্মিত। গানটি সেখানেই প্রচার হয়েছে। শুক্রবার রাত থেকে শোনা যাচ্ছে গানটি।
ভবিষ্যতে প্ল্যাটফর্মটি থেকে বিভিন্ন শিল্পীদের নিয়মিত গান প্রকাশের পাশাপাশি দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে যৌথভাবেকাজ করার পরিকল্পনা রয়েছে এই শিল্পীর।
গানটি নিয়ে আবীর সাদাফ বলেন, "এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। সেভাবেই তৈরি করা হয়েছে গানটি। সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।"