Published : 28 Jun 2026, 12:32 AM
বলিউড-হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টানা পরিশ্রম করতে পারেন, অ্যাকশন দৃশ্যেও পারদর্শী, শরীর চর্চাতেও তার আগ্রহ রয়েছে, কেবল পারেন না ভোরবেলা ঘুম থেকে উঠতে।
এই তথ্য দিয়ে টাইম অব ইন্ডিয়া লিখেছে, পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী ভোরে ঘুম থেকে ওঠার বিষয়ে বিতৃষ্ণা প্রকাশ করে বলেন, ‘‘প্রয়োজনে আমি সকাল ৭টা পর্যন্ত জেগে কাটিয়ে দেব, কিন্তু ভোরবেলা উঠতে রাজি নই।’’
প্রিয়াঙ্কার কথায়, “আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পারিশ্রমিক পাই।’’
অর্থাৎ কাজের ব্যাপারে কোনো দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।
তবে এখানেই শেষ নয়। সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যেগুলো মেনে চলেন প্রিয়াঙ্কা। যার মধ্যে অন্যতম হল তামার পাত্রে জল পানের অভ্যাস।
অভিনেত্রী জানিয়েছেন, আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারতে এসে তামার পাত্রে জল পানের অভ্যাস শুরু করেন।
কারণ তামার পাত্রে জল পানের অভ্যাসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে বলে জেনেছেন তিনি। আজকাল তাই সকালে উঠে এক গ্লাস জল খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন প্রিয়াঙ্কা।
রসিকতা করে প্রিয়াঙ্কা বলেন, তার সকালে ঘুমানোর অভ্যাস স্বজনেরা কেউই তেমন ভালো চোখে দেখেন না। এমনকি পোষা কুকুরটিও জোরে জোরে ডেকে তার ঘুম ভাঙাতে ছাড়ে না।
সাবেক এই বিশ্বসুন্দরী প্রায় দশ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তার পারিশ্রমিকের কারণেই এই সিনেমার বাজেট বেড়ে দাঁডিয়েছে ১৩০০ কোটি রুপিতে।
এখনও প্রায় ছয় মাসের শুটিং বাকি আছে এই সিনেমার। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বারাণসীর’।