Published : 09 Jun 2026, 09:51 PM
অ্যাকর্ডিয়ানের মায়াবী সুরে একটি গানের আবেগ যে পুরোপুরি পাল্টে যেতে পারে, তার উদাহরণ ‘দলছুট’ ব্যান্ডের ‘গাছ’ গানটি। আর সেটি সম্ভব হয়েছিল চিরসবুজ কিছু গানের সুরস্রষ্টা প্রয়াত লাকী আখান্দের জন্য।
‘হৃদয়পুর’ অ্যালবামে সঞ্জীব চৌধুরীর গাওয়া ‘খোলা আকাশ, একটি গাছ’ গানে নিজের অ্যাকর্ডিয়ানই বাজিয়েছিলেন লাকী আখান্দ।
প্রয়াত এই শিল্পীর ৭০তম জন্মবার্ষিকী গেল গত ৭ মে। পরদিন ফেইসবুকে এক পোস্টে সেই গান নিয়ে স্মৃতিকথা মেলে ধরেন দলছুট ব্যান্ডের সদস্য, সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার।
কীভাবে লাকী আখান্দের সাথে যোগাযোগ হল, আর গানটিতে তিনি এসে অ্যাকর্ডিয়ান বাজালেন তা তুলে ধরেছেন বাপ্পা।
পোস্টে তিনি বলেন, “২০০০ সাল, দিনটা মনে নেই। মিউজিক ম্যান স্টুডিও!!! দলছুটের হৃদয়পুর এলবাম এর কাজ চলছে! 'গাছ' গানটির মিউজিক এরেঞ্জমেন্ট শেষ হয়েছে সদ্য! রানা'র লেখায়, আমার সুর সংগীত শেষ হতেই আমার মনে হলো... এই গানে অ্যাকর্ডিয়ান বাজাতে হবে! অ্যাকর্ডিয়ান কোথায় পাবো? এ তো এখন কারো কাছেই নেই!!!
“খবর নিয়ে জানলাম... লাকী ভাই এর কাছে আছে! স্টুডিও থেকেই কল দিলাম লাকী ভাই কে! বহু সাহস সঞ্চয় করে বলে ফেল্লাম.. 'লাকী ভাই , একটা একর্ডিয়ান লাগবে! কোথাও পাচ্ছি না! কি করবো?' উনি বল্লেন 'আরে আমার কাছেই তো আছে বাপ্পা! কিন্তু বাজাবে কে? ' আমি বল্লাম 'সেটাই তো মুশকিল লাকী ভাই, কাউকে তো পাচ্ছি না!' 'কেনো?? আমি বাজাবো!!!!! ' লাকী ভাই এর উত্তর!
আমি স্তব্ধ! ' লাকী ভাই!!!! কি বলেন!!!! এ তো সাংঘাতিক ব্যাপার হবে!!! 'আমাকে স্টুডিও র ঠিকানা দাও আর কবে আসবো সেইটা বলো!! ' লাকী ভাই জিজ্ঞেস করলেন!!!”
বাপ্পার ডাকে একদিন স্টুডিওতে হাজির হন লাকী আখান্দ।
বাপ্পা লিখেছেন, “দিন ক্ষণ ঠিক হলো.. লাকী ভাই আসলেন.. বাজালেন!!! আমি আর সঞ্জীব দা মুগ্ধ!!! আনন্দে কেউই কথা বলতে পারছিনা!!! গানটার ইমোশান আমূল পাল্টে গেলো লাকী ভাই এর বাজানোয়!!!”
শেষে বাপ্পা বলেছেন, সঞ্জীব চৌধুরীর গাওয়া 'খোলা আকাশ, একটি গাছ' গানে যে অ্যাকর্ডিয়ান শোনা যায়, সেটি লাকী আখান্দেরই নিজের হাতে নিজের অ্যাকর্ডিয়ান বাজানো।
“এক অপার্থিব আনন্দ নিয়ে গভীর রাতে বাড়ি ফিরলাম!!!! আর সারা রাত গোটা গান টা লুপ এ শুনে রাত পার হলো আমার!!! আহা লাকী ভাই!!!!! ভালো থাকুন, যেখানেই থাকুন!!!! শ্রদ্ধা!!!!,” এভাবেই পোস্ট শেষ করেছেন বাপ্পা মজুমদার।
লাকী আখান্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুর করা ও গাওয়া এবং এস এম হেদায়েতের লেখা ‘এই নীল মনিহার’ গানটি নতুন করে গেয়েছে ‘দলছুট’; এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা নিজেই।
এছাড়া জন্মবার্ষিকী ঘিরে লাকী আখান্দের সুর করে রেখে যাওয়া একটি অপ্রকাশিত গান প্রচারে এসেছে। গানের নাম ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’।
গোলাম মোর্শেদের কথায় গানটি গেয়েছেন জয় শাহরিয়ার। গানটি শোনা যাচ্ছে জয় শাহরিয়ার ও গান জানালার ইউটিউব চ্যানেলে। এছাড়াও বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।