১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জুলাই গণ অভ্যুত্থান জনস্মৃতিতে রাখার তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’

আধ ঘণ্টার এ তথ্যচিত্রে আন্দোলনকালীন দুর্লভ ভিডিওচিত্র, স্থিরচিত্র ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুলাই গণ অভ্যুত্থান জনস্মৃতিতে রাখার তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমসহ অতিথিরা। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 12:12 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

জুলাই গণঅভ্যুত্থানকে জনস্মৃতিতে ধরে রাখতে নির্মাণ করা হয়েছে তথ্যচিত্র 'শ্রাবণ বিদ্রোহ'।

সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এটর প্রিমিয়ার শো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে নিহতদের স্বজন, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রনেতা, শিক্ষার্থী এবং বিশিষ্টদের আন্দোলনকালীন স্মৃতিকথা ও নির্যাতনের চিত্র।

এতে দেখানো হয়েছে আন্দোলনের পটভূমি, ঘটনাপ্রবাহ এবং ছাত্র-জনতার প্রতিরোধ ও চেতনার গতিপথ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে তথ্য মন্ত্রণালয়।

৩০ মিনিটের এ তথ্যচিত্রে আন্দোলনকালীন দুর্লভ ভিডিওচিত্র, স্থিরচিত্র ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয, “তথ্যচিত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ঠুরতা এবং তৎকালীন স্বৈরশাসকের দমন-পীড়নের চিত্র কখনো প্রত্যক্ষ দৃশ্যায়নে, কখনো অ্যানিমেশনের সাহায্যে জীবন্ত করে তোলা হয়েছে।”

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। যেখানে রাষ্ট্র হবে সবার এবং সকলের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে।"

তথ্য সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "জুলাই কখনো বেহাত হবে না।

"বিচার চলছে, বিচার দৃশ্যমান। এই বিচার গ্রহণযোগ্য করতে হবে।"

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ’খুনিদের’ বিচার সম্পন্ন হবে বলেও তার আশা।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়।"

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "রাজনৈতিক ঐকমত্য থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।"

আরও বক্তব্য দেন জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং সাংবাদিক তাহির জামান প্রিয় এর মা শামসি আরা জামান।