১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ম্যাজিক বাউলিয়ানা’ ফিরছে নতুন আঙ্গিকে

এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ আবারও ফিরছে নতুন আঙ্গিকে। 

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার পঞ্চম আসরের ঘোষণা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো আয়োজনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি এবারের লোগো উন্মোচন করা হয় সংবাদ সম্মেলনে।

আয়োজকরা জানান, আগ্রহীর বৃহস্পতিবার থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর হবে অডিশন পর্ব। 

অডিশনে নির্বাচিতরা অংশ নেবেন গ্রুমিং ও মাস্টার সিলেকশন পর্বে। তারপর স্টুডিও রাউন্ড এবং চূড়ান্ত ফিনালে। 

এই প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ তিনজন শিল্পী নির্বাচন করা হবে, যারা হবেন বাউলিয়ানা বিজয়ী।

এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এই রিয়েলিটি শো সম্প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে। 

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে এ শো দেশের অসংখ্য তরুণ প্রতিভাকে মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে এবং বাউল ও লোকসংয়গীতের মূল ধারাকে পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রেখেছে।