অসুস্থ স্বস্তিকা, অস্ত্রোপচারের প্রস্তুতি
স্ত্রীরোগজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার প্রয়োজন স্বস্তিকার।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির অসুস্থতার খবর সামনে এল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন অস্ত্রোপচারের সিদ্ধান্তের কথা।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রাখিবন্ধন উপলক্ষে একটি ছবির শেয়ার করেন অভিনেত্রী, সাথে জুড়ে দেন একটি দীর্ঘ নোট। সেখানেই জানা যায় অভিনেত্রী অসুস্থ।
পরিবারে দীর্ঘ দিন ধরে যে ‘দাদা’ রক্ত পরীক্ষা করাতে আসেন, তার সঙ্গেই ছবিটি তুলেছেন স্বস্তিকা। ছবিতে অভিনেত্রীর হাতে একটি ফুলের রাখিও দেখা গেছে।
অসুস্থতার খবর দিতে অভিনেত্রী নোটে লেখেন, “রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের। কত স্নেহ, মায়া, ভালবাসা মিশে থাকে সেখানে।”
অস্ত্রোপচারের কথা উল্লেখ করে স্বস্তিকা লেখেন, “আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।”
যদিও কিসের অস্ত্রোপচার বা অসুস্থতা তা খোলাসা করেননি অভিনেত্রী।
তবে অভিনেত্রীর ঘনিষ্ঠজনের বরাত দিয়ে আনন্দবাজার বলেছে, স্ত্রীরোগজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার প্রয়োজন স্বস্তিকার।
