Published : 21 May 2026, 05:20 PM
চলচ্চিত্র নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সনদ স্থগিতের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এর ফলে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি প্রদর্শনে এখন আর কোনো আইনি বাধা নেই বলে হাসান জাহাঙ্গীরের আইনজীবী নকিব সাইফুল ইসলামের ভাষ্য।
সিনেমাটির নির্মাতা হাসান জাহাঙ্গীর গ্লিটজকে বলেন, "শুক্রবার থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি।"
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির মুক্তির কথা ছিল গত ১৫ মে। কিন্তু ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
সে সময় এক বিজ্ঞপ্তিতে সার্টিফিকেশন বোর্ড জানায়, মডেল ও অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জেবা জান্নাতের অভিযোগ, তিনি একটি একক নাটকে অভিনয়ের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেন। কিন্তু পরে দেখতে পান, তার স্থিরচিত্র ব্যবহার করে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, নাটকের জন্য ধারণ করা দৃশ্যগুলো তার অনুমতি ছাড়াই চলচ্চিত্রে সংযোজন করে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে সিনেমাটি নিয়ে একই অভিযোগ তুলেছিলেন মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানি।
তাদের অভিযোগ, মূলত একটি নাটক হিসেবে নির্মিত কাজকে 'সম্মতি ছাড়াই' পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
সেসময় মৌসুমী বলেছিলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ'টা একদমই এক ঘণ্টার একটা নাটক ছিল। আর এক ঘণ্টার নাটক যেমন হয়, একটা ছোট গল্প, ঠিক ওইরকমই একটা ছোট গল্প। যেখানে প্রবাসে এক নারীর সংগ্রাম ও জটিল সম্পর্কের গল্প তুলে ধরা হয়।
“একটা মেয়ের এই দেশে আসার পর তার আমেরিকায় সংগ্রামের সময়টা এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলে। কিন্তু সে এই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে–এ ধরনের একটা ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ গল্পটা সাজানো ছিল।”
মৌসুমী বলছেন, নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে তিনি স্বল্প সময়ের জন্য এতে কাজ করেন। কিন্তু নির্ধারিত সময়ের চেয়েও বেশি দিন শুটিং করা হয়।
অভিনেত্রী বলেন, “আমি যেহেতু আমেরিকায় আছি, আমাকে অনুরোধ করার কারণে আমি কাজটা করি। দুদিন শুটিং করার কথা, কিন্তু কাজটা দুদিনে শেষ করতে পারিনি, আমি তিনদিন সময় দিয়ে করে দিলাম, যে ঠিক আছে কাজটা শেষ হোক।
“তারপরে সে (হাসান জাহাঙ্গীর) আবার কিছুদিন পর আমাকে এসে বলল, ‘আপু এটা তো এক ঘণ্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হইছে, তো আমার এটা বিক্রি করতে গেলে যে খরচ হইছে, আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি’।”
টেলিফিল্মের বিষয়ে আপত্তি করেননি জানিয়ে মৌসুমী বলেন, “হাসান বলেন ‘ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে। তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কোনো আপত্তি আছে?’ তখন আমি বললাম, ‘কোনো আপত্তি নেই। যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা’। কিন্তু আমাকে তো টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন ও বলল, ‘ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করব আপনার জন্য’।”
এমনকি অতিরিক্ত কিছু দৃশ্যের জন্য আরও একদিন শুটিংয়ে অংশ নেওয়ার কথা বলেন মৌসুমী।
প্রবাসজীবনের কঠিন বাস্তবতায় একজন নারীর জীবনে তৈরি হওয়া জটিলতার গল্প নিয়ে বানানো হয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।
পরিচালনার পাশাপাশি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী ও জেবা জান্নাত।