১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যে বাঁধন যায়না ছেঁড়া’: যে নাটক পরিচিত বাস্তবতার কথা বলবে

আবুল হায়াত বলেন, “গল্পটি খুব পরিচিত এক বাস্তবতার কথা বলে। আমাদের সমাজে অনেক পরিবারেই এমন পরিস্থিতি দেখা যায়।”

‘যে বাঁধন যায়না ছেঁড়া’: যে নাটক পরিচিত বাস্তবতার কথা বলবে
'যে বাঁধন যায়না ছেঁড়া' নাটকের দৃশ্যে আবুল হায়াত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 10:55 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ঈদে আসছে ‘যে বাঁধন যায়না ছেঁড়া’; বাবা-ছেলেন সম্পর্ক আর পারিবারিক টানাপোড়েনের এই নাটকের রসদ।

নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর-১২ ও আগারগাঁও এলাকায় শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। 

বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, ঈদে প্রচারে আসবে নাটকটি।  

‘যে বাঁধন যায়না ছেঁড়া’ নাটকের অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক, শিশু শিল্পী ইব্রাহিমসহ আরও কয়েকজন। 

নাটকের গল্পে দেখাবে, হায়াত সাহেব নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ সারাজীবন মফস্বল শহরে চাকরি করে একমাত্র ছেলে জাফরকে বড় করেছেন। নিজের জমিজমা বিক্রি করে ছেলেকে ঢাকায় পড়াশোনা করিয়েছেন। এখন জাফর সংসার করে ঢাকায় প্রতিষ্ঠিত। 

এদিকে স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ হায়াত সাহেব চিকিৎসার জন্য ছেলের বাসায় আসেন। শুরুতে আন্তরিকতা থাকলেও ধীরে ধীরে নানা পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ছোট সংসারে দায়িত্ব, বাস্তবতা আর আবেগের দ্বন্দ্ব দেখা দেয়।

নিজের চরিত্রটি নিয়ে আবুল হায়াত বলেন, “গল্পটি খুব পরিচিত এক বাস্তবতার কথা বলে। আমাদের সমাজে অনেক পরিবারেই এমন পরিস্থিতি দেখা যায়। সেই অনুভূতিটাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।” 

ইরফান সাজ্জাদ বলেন, “এখানে একজন ছেলের দায়িত্ববোধ আর বাস্তব জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে। গল্পটি দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।”

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা রানা বলেন, "পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানবিক বার্তার কারণে নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।" 

‘যে বাঁধন যায়না ছেঁড়া’ রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন, সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রমজান আলী এবং আবহসংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান।

ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।