Published : 23 Apr 2026, 07:45 PM
সংস্কার কাজের জন্য নিজের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ ছেড়ে মুম্বাই শহরেই একটি ভাড়াবাড়িতে সপরিবারের বসবাস করছেন বলিউডি তারকা অভিনেতা শাহরুখ খান।
ভাড়াটিয়া হিসাবে এই অভিনেতা কেমন, তা তুলে ধরেছেন বাড়িওয়ালা জ্যাকি ভগনানিভ।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, গেল বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ‘মান্নাত’ থেকে তিন কিলোমিটার দূরে ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছেন শাহরুখ। ভাড়ার চুক্তিটি হয়েছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে ভগনানির অভিনেতা ছেলে জ্যাকি ভগনানি এবং তার মেয়ে দীপশিখা দেশমুখের। শহরের পালি হিল এলাকায় ৩৬ মাসের জন্য শাহরুখ প্রতি মাসে শাহরুখকে গুণতে হচ্ছে ২৪ লাখ রুপি।

ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট দুটি বান্দ্রার খার এলাকার পালি হিলের ‘পূজা ক্যাসা’ নামের বিল্ডিংয়ে। ১৫ তলা ‘পূজা ক্যাসা’ আবাসনে প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম তলা ভাড়া নিয়েছেন শাহরুখ।
এই অভিজাত অ্যাপার্টমেন্টে শাহরুখ, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর দুই ছেলে আরিয়ান এবং আব্রাম খান থাকছেন। সঙ্গে আছেন তাদের কর্মচারী ও নিরাপত্তাকর্মীরাও।
শাহরুখ সম্পর্কে বলতে গিয়ে জ্যাকি তার ভালো আচরণের প্রতিই আলোকপাত করেছেন।
তিনি বলেন, “প্রার্থনা করি আমি যেন শাহরুখ স্যারের মত একজন ভালো মানুষ হতে পারি। তার যে খ্যাতির স্তর তা সাধারণের কল্পনার বাইরে।”
অভিনেতা-প্রযোজক জ্যাকির কথায় শাহরুখ অত্যন্ত বিনয়ী এবং উল্টোদিকের মানুষটাকে গুরুত্বপূর্ণ অনুভব করানোর ক্ষমতা রাখেন।
জ্যাকি বলেন, “যখন আপনি তার সাথে দেখা করবেন এবং তিনি আপনার সঙ্গে কথা বলবেন, তখন তিনি কেবল আপনার সঙ্গেই কথা বলেন। একজন মানুষের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক। কারণ তিনি কথায় মনোযোগ দেন। যে কোনো অতিথিকে তিনি তার বাড়িতে একেবারে দরজা পর্যন্ত ছেড়ে আসেন। আসলে, তিনি দশে এগারো।’’

গত বছরের মে মাস থেকে ‘মান্নাতের’ সংস্কার কাজ শুরু হয়েছে। ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় মান্নাতের সংস্কার ও কাঠামোগত পরিবর্তন আনতে শাহরুখকে আদালতের অনুমতি নিতে হয়েছে। ‘মান্নাত’ এর অন্দরসজ্জায় আমূল বদল হবে বলে সংস্কারে বেশ সময় নেওয়া হয়েছে।