শিবব্রত বর্মনের ‘সুরাইয়া’, জুটি বাঁধলেন শ্যামল, তুষি
শহুরে জীবনের রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্পের মিশেলে তৈরি হচ্ছে ‘সুরাইয়া।
সাংবাদিক ও কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা তৈরি করা হচ্ছে।
‘সুরাইয়া’ বানাচ্ছেন রবিউড আলম রবি। প্রযোজনা করছে র্যাদারহুড ইনিশিয়েটিভস। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গেল ২০ এপ্রিল থেকে ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
সিনেমার প্রযোজক ফজলে হাসান বলেছেন, মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে হবে সিনেমার দৃশ্য ধারণের কাজ।
চিত্রনাট্য নিয়ে হাসান বলেন, শহুরে জীবনের রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্পের মিশেলে তৈরি রোমান্টিক ঘরানার সিনেমা এটি। নির্মাণের পর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘সুরাইয়ার’ প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা ও নাজিফা তুষি। আরও আছেন নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারী, রাফায়েতউল্লাহ সোহান।
নির্মাতা রবির বড়পর্দার জন্য প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সুরাইয়া’। সিনেমাটি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এরপর বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে অংশ নিয়েছেন তিনি।
২০২৩ সালের বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেট, একই বছর ফ্রেঞ্চ ফিল্ম ল্যাব প্রদিউর অ স্যুদে অংশ নেয় ‘সুরাইয়া’। ২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারেও এটি নির্বাচিত হয়।
গত বছর বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে তহবিল পায় ‘সুরাইয়া’।
রবি এর আগে নির্মাণ করেছেন 'ঊনলৌকিক' ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘ফরগেট মি নট’।
শিবব্রত বর্মনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রবি।
